গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে সহিংসতার শঙ্কা: রয়টার্স

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৪০ পিএম, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:৫২ এএম ২০২৬
শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে সহিংসতার শঙ্কা: রয়টার্স
ছবি

লোগো সংগৃহীত

মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করে দেশে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে। সম্প্রতি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য তাঁর পক্ষ থেকে আবেদন করা হলেও তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। অন্যদিকে আওয়ামী লীগ বলছে, প্রয়োজনীয় ভ্রমণ নথি থাকুক বা না থাকুক, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার প্রত্যাবর্তন সরকারকে রাজনৈতিক ও আইনি জটিলতার মুখে ফেলতে পারে। তাঁর সমর্থকদের সম্ভাব্য জনসমাগম নতুন করে উত্তেজনা ও সহিংসতার ঝুঁকিও তৈরি করতে পারে।


কেন দেশ ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে: ২০২৪ সালের আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তাঁর দীর্ঘ শাসনামলে বিরোধী মত দমন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল করা এবং রাজনৈতিক প্রতিপক্ষের ওপর নিপীড়নের অভিযোগ ওঠে। তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি। ২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর দায়ে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। জাতিসংঘের হিসাবে, ওই আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দমন-পীড়নে প্রায় ১ হাজার ৪০০ মানুষের প্রাণহানি ঘটে। শেখ হাসিনার সরকারের পতনের পর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় দলটি চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সর্বশেষ জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেনি। ওই নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিএনপি। প্রধানমন্ত্রী হন শেখ হাসিনার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। শেখ হাসিনার শাসনামলে তারেক রহমান লন্ডনে অবস্থান করছিলেন।


পাসপোর্টের আবেদন কেন প্রত্যাখ্যান: ভারতে পালিয়ে যাওয়ার কয়েক মাস পর তৎকালীন অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করে। গত সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে তাঁর আইনজীবীরা নতুন ভ্রমণ নথির জন্য আবেদন করেন। ই-মেইলে পাঠানো চিঠিতে বাংলাদেশের নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদের প্রসঙ্গ উল্লেখ করে দ্রুত নথি দেওয়ার অনুরোধ জানানো হয়। তবে বাংলাদেশ সরকার জানিয়েছে, শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। একই সঙ্গে ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে ঢাকা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর এ প্রসঙ্গে বলেন, শেখ হাসিনার সঙ্গে সাধারণ কোনো ভ্রমণকারীর মতো আচরণ করার সুযোগ নেই। রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাড়া দেয়নি। তবে গত এপ্রিলে নয়াদিল্লি বলেছিল, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারের প্রচেষ্টার অংশ হিসেবে প্রত্যর্পণের অনুরোধটি পর্যালোচনা করা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, শেখ হাসিনার প্রত্যাবর্তন যেন রাজনৈতিক প্রদর্শনীতে পরিণত না হয়, তা নিশ্চিত করতে চাইবে সরকার। কারণ, তাঁর দেশে ফেরা সমর্থকদের নতুন করে সংগঠিত ও সক্রিয় করে তুলতে পারে।

ফিরতে চান নিজের মাটিতেই: আওয়ামী লীগ জানিয়েছে, প্রয়োজনীয় ভ্রমণ নথি না পেলেও আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন শেখ হাসিনা। তবে কীভাবে তিনি দেশে ফিরবেন, সে বিষয়ে দল বা শেখ হাসিনার পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তাঁর রাজনৈতিক সহকারীরা জানিয়েছেন, শিগগিরই এ বিষয়ে বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করা হবে।

গত জুলাইয়ে রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন, দেশে ফিরলে তাঁকে গ্রেফতার করা হতে পারে, এমনকি হত্যার শিকার হওয়ার আশঙ্কাও রয়েছে। তবু তিনি স্বেচ্ছায় দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান। সে সময় তিনি বলেছিলেন, ‘যদি মৃত্যু আসে, তবে আমি নিজের মাটিতেই মরতে চাই, যেখানে আমার বাবা-মা শুয়ে আছেন এবং তাঁদের রক্ত ঝরেছিল।’

সহিংসতার ঝুঁকি কতটা: রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক বাংলাদেশ সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। চলতি বছরের নির্বাচনের পর রাজনৈতিক স্থিতিশীলতা কিছুটা ফিরলেও উত্তেজনা পুরোপুরি কাটেনি। এর মধ্যে মধ্যপ্রাচ্যের সংঘাত জীবনযাত্রার ব্যয় বাড়ানোর পাশাপাশি জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহে সংকট তৈরি করেছে।

১৭ কোটি ৫০ লাখ মানুষের বাংলাদেশে শেখ হাসিনা এখনো অত্যন্ত বিতর্কিত ও মেরুকরণ সৃষ্টিকারী রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর প্রত্যাবর্তন একদিকে সমর্থকদের উজ্জীবিত করতে পারে, অন্যদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রীকে কীভাবে সামলানো হবে, তা নিয়ে সরকারকে কঠিন পরিস্থিতির মুখে ফেলতে পারে। বিশেষ করে তাঁর সমর্থনে বড় জনসমাগম হলে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সূত্র: রয়টার্স।
সানা/আপ্র/১০/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ী সুরাহা হবে: জয়সওয়াল
১০ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ী সুরাহা হবে: জয়সওয়াল

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচার বিভাগের মাধ্য...

প্রণবের প্রধানমন্ত্রিত্বের ইঙ্গিতে চমকে যান সোনিয়া
১০ নভেম্বর ২০২৬

প্রণবের প্রধানমন্ত্রিত্বের ইঙ্গিতে চমকে যান সোনিয়া

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা ছিল- এমন ধারণাকে আরো জোরাল...

৮১ বছর বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন জন হ্যারিসন
১০ নভেম্বর ২০২৬

৮১ বছর বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন জন হ্যারিসন

ডিস্টোপীয় ব্যঙ্গাত্মক উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’-এর জন্য ২০২৬ সালের মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার জ...

ঢাকার বস্তিকে দিল্লি সাজিয়ে চীনা ভিডিও, উদ্বেগ ভারতের
১০ নভেম্বর ২০২৬

ঢাকার বস্তিকে দিল্লি সাজিয়ে চীনা ভিডিও, উদ্বেগ ভারতের

বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন দরিদ্র এলাকার ভিডিও ধারণ করে সেগুলোকে ভারতের রাজধানী নয়াদিল্লির দৃশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই