মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে গিয়ে হামলার শিকার হয়েছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলাম। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে এ ঘটনা ঘটে। হামলাকারী তাঁকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে দা নিয়ে তেড়ে যান বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ইনচার্জ কামরুল হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। তবে হামলার কারণ ও হামলাকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অটোরিকশায় থাকা হাসিবুলকে এক ব্যক্তি ‘জুলাই জঙ্গি’ বলে বিভিন্ন মন্তব্য করছেন। একপর্যায়ে ওই ব্যক্তি তাঁর দিকে এগিয়ে গেলে হাসিবুল অটোরিকশা থেকে নেমে দৌড়ে সরে যান। ভিডিওর শেষাংশে ওই ব্যক্তির হাতে ধারালো অস্ত্রের ছায়া দেখা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক বালিশিরা রিসোর্টের এক কর্মচারী জানান, তিন দিন আগে এক নারীকে নিয়ে হাসিবুল ওই রিসোর্টে ওঠেন। মঙ্গলবার চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার সময় রিসোর্টের সামনে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে।
ওই কর্মচারী আরো জানান, পরে হাসিবুল রিসোর্টে ফিরে এলে তাঁর হাতে আঘাত দেখতে পান কর্তৃপক্ষ। এরপর রিসোর্টের পক্ষ থেকে তাঁর হাতে ব্যান্ডেজ করে দেওয়া হয়। পরে দুপুরের ট্রেনে তিনি চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট বিভাগীয় সমন্বয়ক প্রীতম দাস বলেন, “এটা খুবই দুঃখজনক। আমাদের ছাত্রশক্তির নেতা হাসিবুলের ওপর আক্রমণ হয়েছে। ঘটনার পরপর হাসিবুল কুমিল্লায় চলে গেছেন। এখন আবার সেখান থেকে ফিরছেন।”
হাসিবুল ফিরে এলে শ্রীমঙ্গল থানায় মামলা করা হবে বলে জানান এনসিপির এই নেতা।
সানা/ডিসি/আপ্র/১০/১১/২০২৬