গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ফের রিমান্ড

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৫ পিএম, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:৫২ এএম ২০২৬
সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ফের রিমান্ড
ছবি

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া ও লেফটেন্যান্ট কাজী গুলশান আরাকে আবারো দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত -ছবি সংগৃহীত

রাষ্ট্রদ্রোহের অভিযোগ, সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনে করা মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া ও লেফটেন্যান্ট কাজী গুলশান আরাকে আবারো দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আবু বকর ছিদ্দিক জানান, গত ৫ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের পরিদর্শক শেখ বশির আহমেদ দুই আসামিকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। মঙ্গলবার শুনানির জন্য তাঁদের আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের আবেদন জানায়। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১২ অক্টোবর তাঁদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। রিমান্ড শেষে ১৬ অক্টোবর তাঁদের কারাগারে পাঠানো হয়।

দ্বিতীয় দফায় রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আগের চার দিনের জিজ্ঞাসাবাদে আসামিরা নিষিদ্ধ ঘোষিত ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন সংগঠনকে সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্য ও আলামত পর্যালোচনা করে নিষিদ্ধ সংগঠনের নেতাদের পাশাপাশি কয়েকজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং প্রতিবেশী দেশের কয়েকজন ব্যক্তির সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে আবেদনে দাবি করা হয়।

আবেদনে আরো বলা হয়, আসামিরা সহযোগীদের নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে প্রায় শতাধিক গ্রুপ পরিচালনা করে সরকারবিরোধী প্রচার-প্রচারণায় যুক্ত ছিলেন। এসব গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তাঁদের আরো জিজ্ঞাসাবাদ প্রয়োজন। আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ মামলায় অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেফতার করা হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়। উদ্ধার করা আলামত যাচাইয়ে কিছু অসংগতি ও রহস্যজনক তথ্য পাওয়ায় দুই আসামিকে একসঙ্গে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে জানান তদন্ত কর্মকর্তা।

গত ১১ অক্টোবর রাতে পল্লবীতে নিজ বাসা থেকে কাজী গুলশান আরাকে গ্রেফতার করে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে রাত আড়াইটার দিকে বনানীর বাসা থেকে দেবাশীষ কুমার বড়ুয়াকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা ‘বাংলাদেশ আওয়ামী লীগ সাপোর্টারস আলফা’ ও ‘বিবিএম ট্রান্সপারেন্সি’ নামে সরকারবিরোধী হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত থেকে তহবিল সংগ্রহ এবং সহিংসতায় উসকানিমূলক ডিজিটাল কনটেন্ট তৈরি করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করতেন। এ ছাড়া অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ‘ইউনিটি কেয়ার’ ও ‘পাবলিক পার্লামেন্ট’ প্ল্যাটফর্মের মাধ্যমে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে আওয়ামী লীগের পুনর্বাসন এবং রাষ্ট্রবিরোধী অপরাধমূলক ষড়যন্ত্রে যুক্ত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরো বলা হয়, ‘কালআজকাল ডটকম’ নামে একটি পেজ তৈরি করে সহিংসতা ও অস্থিতিশীলতায় উসকানিমূলক কনটেন্ট প্রচার এবং ফেসবুক আইডি ব্যবহার করে রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনা করতেন তাঁরা।

মামলার এজাহারে কাজী গুলশান আরার বিরুদ্ধে আরো অভিযোগ করা হয়েছে, ২০১৮ সালের ২৭ নভেম্বর দেড় শতাধিক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার সঙ্গে গণভবনে গিয়ে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি প্রকাশ্যে একাত্মতা ও আনুগত্য প্রকাশ করেন। সহযোগীদের নিয়ে ‘সেনা পরিষদ’ নামে একটি কমিটি গঠন করে বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে বিদ্বেষ ছড়ানো, দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি, দেশের সার্বভৌমত্ব নস্যাৎ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের প্রতি ঘৃণা ও অবজ্ঞা ছড়ানোর কাজে যুক্ত ছিলেন বলে অভিযোগে বলা হয়েছে।

তবে এসব অভিযোগ এখনো বিচারিকভাবে প্রমাণিত নয়। আদালতের আদেশে তাঁদের রিমান্ডে নিয়ে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হবে।
সানা/ডিসি/আপ্র/১০/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি
১০ নভেম্বর ২০২৬

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদ...

আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম
১০ নভেম্বর ২০২৬

আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয়...

ষড়যন্ত্র করে দেশ অস্থিতিশীলের চেষ্টা চলছে, সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী
১০ নভেম্বর ২০২৬

ষড়যন্ত্র করে দেশ অস্থিতিশীলের চেষ্টা চলছে, সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের ভেতরে ও বাইরে থেকে সম্মিলিতভাবে ষড়যন্ত্র করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে অভিযোগ...

২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা,  নিরাপত্তা জোরদারের নির্দেশ আইজিপির
১০ নভেম্বর ২০২৬

২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা, নিরাপত্তা জোরদারের নির্দেশ আইজিপির

দেশজুড়ে সহিংসতা ও নাশকতার ঘটনায় গত ২৪ ঘণ্টায় ২২টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ঢাকা ও ছয় জেলায় অন্তত ২৮টি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই