আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলনের প্রশ্নে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকারের কোনো উপদেষ্টা একবার বলছেন আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলন সম্ভব, আবার দুদিন পর বলছেন তা সম্ভব নয়। একই ব্যক্তির এমন দুই ধরনের বক্তব্য বিভ্রান্তি তৈরি করছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদের দৃষ্টি আকর্ষণ করেন।
ডা. শফিকুর রহমান বলেন, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড ঘটছে। আর্মি গলফ ক্লাব, পুলিশের বিশেষ শাখার সদর দপ্তরের সামনে, থানার ফটক ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানা তিন দিন এ ধরনের ঘটনা ঘটেছে। সর্বশেষ ঘটনায় দুজন আহত হয়েছেন।
তিনি আরো বলেন, সীমান্তবর্তী পার্বত্য এলাকায় সন্ত্রাসীদের দমনে গিয়ে একজন তরুণ সেনাসদস্য প্রাণ হারিয়েছেন। কয়েক দিন আগে সাজেককে কেন্দ্র করেও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। গোপালগঞ্জে পুলিশের গাড়িতে দফায় দফায় হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটছে।
সরকারি দলের কার্যালয়ে হামলা-ভাঙচুরের পাশাপাশি বিভিন্ন স্থানে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপরও বিচ্ছিন্ন হামলার ঘটনা ঘটছে বলে উল্লেখ করেন তিনি।
বিরোধীদলীয় নেতা বলেন, এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী ব্যবস্থা নিয়েছে এবং কাদের গ্রেফতার করেছে, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না। জনগণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। এ পরিস্থিতির দায় সরকার, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াতে পারে না।
দেশে পুলিশ, বিজিবি, র্যাব, এপিবিএন ও আনসার ব্যাটালিয়নসহ বিভিন্ন বাহিনী থাকার পরও কেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সংসদে ব্যাখ্যা দাবি করেন তিনি। অধিবেশনের প্রথম ও দ্বিতীয় দিনেও এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে অভিযোগ করেন শফিকুর রহমান।
তিনি বলেন, সংবিধান সংশোধনের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যতটা তৎপর দেখা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ততটা তৎপরতা নেই। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সংসদ সদস্যরা দেশে এসে কর্মসূচি করে আবার বিদেশে চলে যাচ্ছেন- এমন পরিস্থিতি কীভাবে তৈরি হচ্ছে, সে প্রশ্নও তোলেন তিনি।
সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের পরস্পরবিরোধী বক্তব্যের প্রসঙ্গ টেনে শফিকুর রহমান বলেন, “সরকারের কোনো উপদেষ্টা কখনো বলছেন, ইয়েস, আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলন সম্ভব। আবার দুই দিন পরে বলছেন, না, এটা অসম্ভব। একই ব্যক্তি দুই ধরনের কথা বলছেন।”
সুনামগঞ্জের একটি ঘটনা নিয়ে সংশ্লিষ্ট উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ওই বক্তব্য শুনে মনে হয়েছে, তিনি আসামিপক্ষের আইনজীবীর মতো আসামিকে রক্ষার চেষ্টা করেছেন। ওই উপদেষ্টা ফ্যাসিবাদের পক্ষে, নাকি বিপক্ষে- তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
বিরোধীদলীয় নেতা বলেন, তাঁরা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চান। জাতীয় সংকটে অতীতেও সব পক্ষকে একসঙ্গে নিয়ে কাজ করার নজির রয়েছে। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক সরকার না হলেও জাতীয় সংকটের সময় সবাইকে আমন্ত্রণ জানিয়ে সম্পৃক্ত করেছিল। কিন্তু বর্তমান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন হলে সরকারকে তা জানানোর আহ্বান জানান তিনি।
শফিকুর রহমান বলেন, “আমাদের সন্তানদের রক্ত এখনো তাজা, আমাদের চোখের সামনে।” সেই রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে ফ্যাসিবাদকে আর ফিরে আসার সুযোগ দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনা ঘটলেও গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীদলীয় নেতা। গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে বিরোধী দলের একজন সংসদ সদস্যকে ফোন করে জামায়াত ছাড়ার পরামর্শ দেওয়ার অভিযোগও করেন তিনি। ওই ফোন নম্বর যাচাই করে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় নিশ্চিত করা এবং এ ধরনের নির্দেশ দেওয়ার এখতিয়ার কোনো গোয়েন্দা সদস্যের রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানান তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, জবাবদিহি ও দৃশ্যমান পদক্ষেপ দাবি করেন বিরোধীদলীয় নেতা।
সানা/আপ্র/১০/১১/২০২৬