অনাদি কুমার মন্ডল, মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার রঘুরামপুরে অসহায় ১৬টি পরিবারের মধ্যে বিনামূল্যে ৩২টি ছাগল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) অর্থায়নে এবং দেশ ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালনায় এ সহায়তা দেওয়া হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩টায় দেশ ডেভেলপমেন্ট সেন্টারের নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য। বিশেষ অতিথি ছিলেন একই কার্যালয়ের সহকারী পরিচালক আফজাল হোসেন।
দেশ ডেভেলপমেন্ট সেন্টারের নির্বাহী পরিচালক শাহীন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সমাধান সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এইচ এম বোরহান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক ব্যাংক কর্মকর্তা রামানন্দ পোদ্দার, মোল্লা ফিলিং স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক জসিম মোল্লা, প্রদেশ পল্লী দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক ও মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অনাদি কুমার মন্ডল, সৌহার্দ্য নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক ফাতেমা বেগম, মাদারীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের হিসাব সহকারী (অতিরিক্ত দায়িত্ব) আনোয়ার হোসেন মল্লিকসহ উপকারভোগী ১৬ পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা উপকারভোগী ১৬টি পরিবারের প্রত্যেকের হাতে দুটি করে মোট ৩২টি ছাগল তুলে দেন। এ উদ্যোগের মাধ্যমে অসহায় পরিবারগুলোর স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
সানা/ডিসি/আপ্র/১০/১১/২০২৬