গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

অগ্নিনিরাপত্তাহীন মাদ্রাসায় আগুন, আইসিইউতে চার শিক্ষার্থী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৩ পিএম, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:৪০ এএম ২০২৬
অগ্নিনিরাপত্তাহীন মাদ্রাসায় আগুন, আইসিইউতে চার শিক্ষার্থী
ছবি

মঙ্গলবার রাত দেড়টার দিকে ফতুল্লার ভূঁইগড়ের শান্তিধারা এলাকায় মাদ্রাসাটিতে আগুন লাগে -ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের সময় আবাসিক ভবনটিতে ছিল না কোনো অগ্নিনিরাপত্তা ব্যবস্থা। এমনকি আগুন নেভানোর জন্য একটি অগ্নিনির্বাপণ যন্ত্রও ছিল না। পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার সময় সেখানে ঘুমিয়ে ছিলেন অন্তত ১২ জন শিক্ষার্থী। ভবনটির ওপরের তিন তলায় ঘুমিয়ে ছিলেন আরো শতাধিক ছাত্র। পাশেই ছিল মাদ্রাসার ছয় ও সাততলা দুটি আবাসিক ভবন। আগুন ছড়িয়ে পড়লে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারত।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত দেড়টার দিকে ফতুল্লার ভূঁইগড়ের শান্তিধারা এলাকায় মাদ্রাসাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস খবর পায় রাত ১টা ৫৫ মিনিটে। খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে আগুন নেভানোর কাজ শুরু করে তারা। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভোর পৌনে ৪টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়।

আগুনে সরাসরি কেউ দগ্ধ না হলেও তীব্র তাপ ও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন শিক্ষার্থীরা। তাঁদের মধ্যে ৮৮ জনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ৫৩ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে ৩৫ জন চিকিৎসাধীন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। একজনকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সহায়তা দিতে যন্ত্রের সাহায্যে শ্বাস-প্রশ্বাস চালু রাখতে হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার।

কাঁচপুর মডেল ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, মাদ্রাসার কোথাও অগ্নিনিরাপত্তার ব্যবস্থা কিংবা অগ্নিনির্বাপণ যন্ত্র পাওয়া যায়নি। তবে ভবনের পাশে পানির মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে তেমন বেগ পেতে হয়নি।

মাদ্রাসার নায়েবে মোহতামিম (উপাধ্যক্ষ) আতিকুর রহমান জানান, আগে এ ধরনের ঘটনার মুখোমুখি না হওয়ায় অগ্নিনিরাপত্তার ব্যবস্থা নিয়ে তাঁরা তেমন ভাবেননি। তবে অগ্নিকাণ্ডের পর নিরাপত্তাব্যবস্থা জোরদারে উদ্যোগ নেওয়া হবে।

মঙ্গলবার দুপুরে আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। এ সময় তিনি বলেন, শুধু মাদ্রাসা নয়, অনেক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক ভবনে অগ্নিনিরাপত্তার ঘাটতি রয়েছে। অনেক ক্ষেত্রে যে উদ্দেশ্যে ভবন নির্মাণ করা হয়, পরে তা ভিন্ন কাজে ব্যবহার করা হয়। এ ধরনের ঝুঁকি কমাতে ভবন নির্মাণ ও ব্যবহারের ক্ষেত্রে বিধিবিধান এবং নীতিমালা যথাযথভাবে কার্যকর করা প্রয়োজন।

লাইব্রেরি থেকে আগুনের সূত্রপাত: মাদ্রাসা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ভবনের যে কক্ষে আগুন লাগে, সেটি মূলত লাইব্রেরি হিসেবে ব্যবহৃত হতো। ওই কক্ষের একটি অংশে ইসলামী আইন বিভাগের ১২ জন শিক্ষার্থী ও একজন শিক্ষক থাকতেন। আগুন লাগার সময় শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিলেন। শিক্ষকও প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় শব্দ শুনে তিনি লাইব্রেরি কক্ষে গিয়ে আগুন দেখতে পান। পরে ঘুমন্ত শিক্ষার্থীদের ডেকে বের করে নিরাপত্তাকর্মীকে জানান এবং অন্য শিক্ষার্থীদের সতর্ক করেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, লাইব্রেরি কক্ষটি শীতাতপনিয়ন্ত্রিত ছিল। সেখানে কাঠ ও বোর্ড দিয়ে অভ্যন্তরীণ সাজসজ্জা করা হয়েছিল। এসব উপকরণ সহজে দাহ্য হওয়ায় আগুনের তীব্রতা বেড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রায় ১২৫ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত মাদ্রাসাটিতে অন্তত ১ হাজার ৩০০ শিক্ষার্থী পড়াশোনা করে। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটিতে শুরুতে একতলা ভবন ছিল। পরে সেটি পাঁচতলা করা হয়। পাশাপাশি ছয় ও সাততলা আরো দুটি ভবন নির্মাণ করা হয়েছে। এ ছাড়া প্রাঙ্গণে রয়েছে কয়েকটি আধাপাকা ও টিনশেড স্থাপনা।

তদন্তে চার সদস্যের কমিটি: অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি) আলী নূর খানকে কমিটির প্রধান করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, মাদ্রাসাটিতে প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ যন্ত্র ও অগ্নিনিরাপত্তার ব্যবস্থা ছিল না বলে তাঁরা জেনেছেন। কওমি মাদ্রাসাগুলো নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হলেও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে অগ্নিনিরাপত্তা জোরদার এবং ভবন নির্মাণে ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

এদিকে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে কথা বলার পাশাপাশি পুড়ে যাওয়া কক্ষ থেকে আলামত সংগ্রহ করেছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, সংগৃহীত আলামত পরীক্ষা-নিরীক্ষার পর অগ্নিকাণ্ডের বিষয়ে সিদ্ধান্তে আসা যাবে।
সানা/ডিসি/আপ্র/১০/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি
১০ নভেম্বর ২০২৬

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদ...

আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম
১০ নভেম্বর ২০২৬

আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয়...

ষড়যন্ত্র করে দেশ অস্থিতিশীলের চেষ্টা চলছে, সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী
১০ নভেম্বর ২০২৬

ষড়যন্ত্র করে দেশ অস্থিতিশীলের চেষ্টা চলছে, সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের ভেতরে ও বাইরে থেকে সম্মিলিতভাবে ষড়যন্ত্র করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে অভিযোগ...

২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা,  নিরাপত্তা জোরদারের নির্দেশ আইজিপির
১০ নভেম্বর ২০২৬

২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা, নিরাপত্তা জোরদারের নির্দেশ আইজিপির

দেশজুড়ে সহিংসতা ও নাশকতার ঘটনায় গত ২৪ ঘণ্টায় ২২টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ঢাকা ও ছয় জেলায় অন্তত ২৮টি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই