আশরাফুল ইসলাম রাজন, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জে গৃহবধূ জ্যোৎস্না বেগম হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় অভিযুক্ত অপর চারজনকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. জহির উদ্দীন এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি রান্নার চুলার ধোঁয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে জ্যোৎস্না বেগমের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তাঁকে রক্ষা করতে এগিয়ে এসে আহত হন আয়শা আক্তারও। পরে গুরুতর আহত জ্যোৎস্না বেগমকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্বামী ১১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেন। একই সঙ্গে মামলার অপর চার আসামিকে খালাস দেওয়া হয়।
সানা/ডিসি/আপ্র/১০/১১/২০২৬