বিশ্বকাপ উন্মাদনার মধ্যে পুরো বাংলাদেশ যখন ব্রাজিল ও আর্জেন্টিনা দুই শিবিরে বিভক্ত এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দুই পক্ষের মধ্যে মিমযুদ্ধ চলছে, তখন ঢাকায় দুই দেশের রাষ্ট্রদূত দিলেন শান্তির বার্তা।
শুক্রবার (৩ জুলাই) সকালে ঢাকার গুলশান ইয়ুথ ক্লাব মাঠে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেসের পাশে বসে তাঁর কাঁধে হাত রেখে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, “আমরা কিন্তু বন্ধু।”
তার কথার পরিপ্রেক্ষিতে ব্রাজিলের রাষ্ট্রদূত বলেন, “আপনারা শান্তি বজায় রাখুন, মারামারি করবেন না। শুধু খেলাটা উপভোগ করুন।”
তারা এদিন দেশের প্রথম এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছয় জন করে খেলোয়াড় নিয়ে ছোট মাঠের এই ফুটসাল টুর্নামেন্টে অংশ নিচ্ছে দেশি-বিদেশি ১৬টি এয়ারলাইন্স। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ৪ জুলাই।
এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ এই টুর্নামেন্টের আয়োজন করেছে।
টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “বাংলাদেশের মানুষ ফুটবলপ্রেমী। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনাকে ঘিরে মানুষের যে আবেগ ও উন্মাদনা, তা বিশ্বজুড়েই পরিচিত।”
তিনি আরো বলেন, এই ফুটবল ভালোবাসাকে ধারণ করে এমন আয়োজন দেশের ফুটবলকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে। ভবিষ্যতে দেশের ফুটবল জাতীয় দল নিয়েও একই রকম আবেগ ও উদযাপনের আশা প্রকাশ করেন তিনি।
ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো বলেন, ব্রাজিলিয়ানদের কাছে ফুটবল শুধু প্রতিযোগিতা নয়, বরং আনন্দের প্রতীক। জয় গুরুত্বপূর্ণ হলেও খেলাটি উপভোগ করাই সবচেয়ে বড় বিষয়।
তিনি বলেন, ফুটবল শান্তি ও সম্প্রীতির খেলা। প্রিয় দলকে সমর্থন করুন, আনন্দ করুন, তবে সবকিছু যেন শান্তিপূর্ণ থাকে। প্রতিদ্বন্দ্বিতা হবে শুধু মাঠে, মাঠের বাইরে নয়।
আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, ফুটবল বিভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষকে একত্র করে এবং বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলসহ সব দেশের মানুষের মধ্যে বন্ধুত্বের সেতুবন্ধন তৈরি করে।
তিনি বাংলাদেশের ফুটবল আরো এগিয়ে যাক এবং তরুণ খেলোয়াড়রা স্বপ্ন পূরণ করুক-এমন প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইথিওপিয়ান এয়ারলাইন্সের মধ্যে।
এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের সভাপতি তানজিম আনোয়ার বলেন, গত এক দশকে দেশের এভিয়েশন খাত উল্লেখযোগ্যভাবে বিকশিত হয়েছে। এই খাতের সঙ্গে যুক্ত দেশি-বিদেশি পেশাজীবীদের মধ্যে পারস্পরিক পরিচিতি ও সম্পর্ক আরো দৃঢ় করার প্রয়োজন রয়েছে।
প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার, এয়ার অ্যাস্ট্রা, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সৌদিয়া, টার্কিশ এয়ারলাইন্স, এয়ার অ্যারাবিয়া, ইন্ডিগো, ইথিওপিয়ান এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া, থাই এয়ারওয়েজ, এয়ারএশিয়া, সিল্কওয়ে ওয়েস্ট এয়ারলাইন্স এবং ফ্লাই দুবাই।
সানা/আপ্র/৩/৭/২০২৬