গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মস্তিষ্কে চিপ বসানো প্রযুক্তিতে চীন-যুক্তরাষ্ট্রের নতুন লড়াই

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২০:০২ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:০৪ এএম ২০২৬
মস্তিষ্কে চিপ বসানো প্রযুক্তিতে চীন-যুক্তরাষ্ট্রের নতুন লড়াই
ছবি

ছবি সংগৃহীত

মস্তিষ্কে চিপ বসিয়ে মানুষের স্নায়বিক সংকেতকে কম্পিউটারের সঙ্গে যুক্ত করার প্রযুক্তি এখন চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন প্রযুক্তিগত প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। স্ট্রোক, পারকিনসন্সসহ বিভিন্ন জটিল স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের জন্য সম্ভাবনাময় এই প্রযুক্তি ভবিষ্যতে চিকিৎসার পাশাপাশি সামরিক ও কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রেও বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ইলন মাস্কের প্রতিষ্ঠান নিউরালিংকের মতো কোম্পানিগুলো মস্তিষ্ক-কম্পিউটার সংযোগ প্রযুক্তি বা বিসিআই নিয়ে পরীক্ষা চালিয়ে যাচ্ছে। একই সময়ে চীনও এই প্রযুক্তির উন্নয়ন, উৎপাদন ও বাণিজ্যিক ব্যবহারে দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। ফলে চিকিৎসাবিজ্ঞানের এই উদীয়মান প্রযুক্তি এখন দুই দেশের কৌশলগত প্রতিযোগিতার নতুন ক্ষেত্র হয়ে উঠেছে।

মার্কিন কংগ্রেস গঠিত জাতীয় নিরাপত্তা কমিশন অন এমার্জিং বায়োটেকনোলজির এক প্রতিবেদনে এ নিয়ে সতর্ক করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিসিআই প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র পিছিয়ে পড়লে ভবিষ্যতে দেশটির সামরিক সক্ষমতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নেও এর প্রভাব পড়তে পারে।

বর্তমানে নিউরালিংক, প্রিসিশন নিউরোসায়েন্স ও সিনক্রনের মতো প্রতিষ্ঠান মস্তিষ্ক-কম্পিউটার সংযোগ প্রযুক্তির বিভিন্ন ধরনের পরীক্ষা চালাচ্ছে। এসব প্রযুক্তির লক্ষ্য হলো মস্তিষ্কের বৈদ্যুতিক সংকেত শনাক্ত করে তা কম্পিউটার বা অন্য কোনো যন্ত্র পরিচালনার নির্দেশে রূপান্তর করা।

চীনও দ্রুত এই খাতে বিনিয়োগ বাড়াচ্ছে। সম্প্রতি দেশটি মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত রোগীদের হাতের নড়াচড়া ফিরিয়ে আনার জন্য মস্তিষ্ক-কম্পিউটার সংযোগ প্রযুক্তির একটি পণ্যের বাণিজ্যিক অনুমোদন দিয়েছে। কোয়ান্টাম কম্পিউটিং ও ষষ্ঠ প্রজন্মের মোবাইল যোগাযোগ প্রযুক্তির মতো বিসিআইকেও ভবিষ্যৎ কৌশলগত শিল্প হিসেবে গুরুত্ব দিচ্ছে বেইজিং।

অনুমোদনের ধীরগতি নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রে নতুন চিকিৎসা প্রযুক্তি বাজারে আনতে দীর্ঘ সময় লাগার বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন কমিশন। তাদের মতে, জটিল প্রশাসনিক ও নিয়ন্ত্রক অনুমোদন প্রক্রিয়ার কারণে নতুন চিকিৎসা প্রযুক্তি বাজারে আসতে গড়ে ১১ বছরেরও বেশি সময় লেগে যেতে পারে।

কমিশনের চেয়ারম্যান সিনেটর টড ইয়ং বলেছেন, যুক্তরাষ্ট্রের তুলনায় দ্রুতগতিতে বিসিআইয়ের মতো কৌশলগত প্রযুক্তি এগিয়ে নিয়ে যাচ্ছে চীন। উদ্ভাবন ও বাণিজ্যিকীকরণ ধরে রাখতে যুক্তরাষ্ট্রের একটি সমন্বিত জৈবপ্রযুক্তি কৌশল প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।

মস্তিষ্কের তথ্য কার নিয়ন্ত্রণে?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে নতুন করে সামনে আসছে গোপনীয়তা ও নৈতিকতার প্রশ্নও। মস্তিষ্কে স্থাপন করা চিপ থেকে সংগৃহীত তথ্যের মালিক কে হবে, এসব তথ্য কীভাবে সংরক্ষণ ও ব্যবহার করা হবে এবং প্রচলিত তথ্য সুরক্ষা আইন মস্তিষ্কের তথ্যের ক্ষেত্রে কীভাবে কার্যকর হবে—এসব বিষয়ে এখনো নানা প্রশ্ন রয়েছে।

বিশেষ করে মানুষের চিন্তা ও স্নায়বিক কার্যকলাপ থেকে সংগৃহীত তথ্য অন্যের হাতে চলে গেলে ব্যক্তিগত গোপনীয়তা কতটা সুরক্ষিত থাকবে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে। চীনে এই প্রযুক্তি নিয়ে নীতিমালা ও তথ্য সুরক্ষার কাঠামো নিয়েও স্পষ্টতার ঘাটতি রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চিকিৎসার বাইরে সামরিক ব্যবহারের আশঙ্কা

মস্তিষ্ক-কম্পিউটার সংযোগ প্রযুক্তি এখনো পুরোপুরি পরিণত নয়। অনেক ইমপ্ল্যান্ট দীর্ঘমেয়াদে কার্যকারিতা ধরে রাখতে পারে না। একই সঙ্গে মস্তিষ্কে চিপ বসানোর অস্ত্রোপচার অত্যন্ত জটিল হওয়ায় উপযুক্ত রোগী নির্বাচনও বড় চ্যালেঞ্জ।

তবে প্রযুক্তিটি সফলভাবে উন্নত হলে এর ব্যবহার শুধু চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যতে মানুষের চিন্তার সংকেত ব্যবহার করে যন্ত্র পরিচালনা, কৃত্রিম অঙ্গ নিয়ন্ত্রণ কিংবা যোগাযোগের নতুন পদ্ধতি তৈরি হতে পারে।

এর পাশাপাশি সামরিক ক্ষেত্রেও এর সম্ভাব্য ব্যবহার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। মানুষের স্নায়বিক সংকেতের মাধ্যমে ড্রোনের দল বা অন্যান্য স্বয়ংক্রিয় সামরিক ব্যবস্থা নিয়ন্ত্রণের মতো প্রযুক্তি ভবিষ্যতে বাস্তবায়িত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফলে রোগীর চলাফেরা ও যোগাযোগের সক্ষমতা ফিরিয়ে আনার সম্ভাবনাময় চিকিৎসা প্রযুক্তি হিসেবে যাত্রা শুরু করলেও মস্তিষ্কে চিপ বসানোর প্রযুক্তি এখন চিকিৎসাবিজ্ঞান ছাড়িয়ে জাতীয় নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যগোপনীয়তা ও সামরিক সক্ষমতার গুরুত্বপূর্ণ আলোচনায় পরিণত হয়েছে।

ডিসি/আপ্র/০৩/০৯/২০২৬

সংশ্লিষ্ট খবর

শব্দতরঙ্গেই ক্যান্সার চিকিৎসার নতুন সম্ভাবনা তৈরি
১৩ সেপ্টেম্বর ২০২৬

শব্দতরঙ্গেই ক্যান্সার চিকিৎসার নতুন সম্ভাবনা তৈরি

মানুষের শরীরের ভেতরের ছবি দেখতে আলট্রাসাউন্ডের ব্যবহার বহুদিনের। এবার উচ্চ কম্পাঙ্কের শব্দতরঙ্গ কাজে...

আইফোনের ব্যাটারি কতটা ভালো, সহজেই জানুন
১৩ সেপ্টেম্বর ২০২৬

আইফোনের ব্যাটারি কতটা ভালো, সহজেই জানুন

নতুন আইফোন কেনার পর স্বাভাবিকভাবেই দীর্ঘদিন সেটি ব্যবহারের প্রত্যাশা থাকে। তবে সব ধরনের পুনরায় চার্জ...

জৈবিক অস্ত্রের গবেষণায় এআই অপব্যবহার ঠেকালো অ্যানথ্রপিক
১২ সেপ্টেম্বর ২০২৬

জৈবিক অস্ত্রের গবেষণায় এআই অপব্যবহার ঠেকালো অ্যানথ্রপিক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলের অপব্যবহার ঠেকাতে সম্ভাব্য জৈবিক অস্ত্র গবেষণার সঙ্গে জড়িত একাধিক ব...

চাকরি কেড়ে নেওয়া রোবটই এবার এআইয়ের বিরুদ্ধে
১১ সেপ্টেম্বর ২০২৬

চাকরি কেড়ে নেওয়া রোবটই এবার এআইয়ের বিরুদ্ধে

রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে মানুষের কর্মসংস্থান নিয়ে যখন বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে,...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই