২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। নতুন পাঠ্যক্রমে এআইয়ের ব্যবহার, রোবোটিকস, ভার্চুয়াল বাস্তবতা, বর্ধিত বাস্তবতা, যন্ত্রশিক্ষণ ও ন্যানোপ্রযুক্তির মতো বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। পাশাপাশি এআইয়ের দায়িত্বশীল ব্যবহার, তথ্য যাচাই, কৃত্রিমভাবে তৈরি ভুয়া ছবি-ভিডিও শনাক্তকরণ এবং অনলাইন নিরাপত্তা শেখানোর ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে ৭১ বিধিতে দেওয়া বিবৃতিতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব পরিকল্পনার কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী প্রজন্মকে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে পরিচিত ও যুগোপযোগী করে তুলতে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। বিশ্ব এখন চতুর্থ শিল্পবিপ্লবের পর্যায়ে রয়েছে। এ পর্যায়ে ন্যানোপ্রযুক্তি, রোবোটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই লক্ষ্যেই ২০২৭ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা অন্তর্ভুক্ত করা হবে।
তিনি জানান, ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআইভিত্তিক বিভিন্ন সরঞ্জাম, ভার্চুয়াল বাস্তবতা, বর্ধিত বাস্তবতা ও রোবোটিকস রাখা হয়েছে। পাশাপাশি প্রযুক্তির ব্যবহার, এআইভিত্তিক অনুসন্ধান সরঞ্জাম, জ্ঞান অর্জনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ, ইন্টারনেট অব থিংস, বাস্তব জীবনে এআইয়ের ব্যবহার এবং সংশ্লিষ্ট ওয়েবসাইট ব্যবহারের নির্দেশিকাও যুক্ত করা হয়েছে।
অষ্টম শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়ক ব্যবস্থা, স্বয়ংক্রিয় প্রযুক্তি, ইন্টারনেট অব থিংস, ব্যবসা-বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তিনির্ভর নতুন কর্মসংস্থান, কর্মসংস্থান সৃষ্টি, দূরবর্তী কাজ, মুক্ত পেশা এবং সরকারি ই-সেবা।
নবম ও দশম শ্রেণিতে থাকবে এআইয়ের নৈতিক ও অনৈতিক ব্যবহার, ই-বাণিজ্য, উদ্যোক্তা উন্নয়ন, চতুর্থ শিল্পবিপ্লব, যন্ত্রশিক্ষণ, গভীর শিক্ষণ, রোবোটিকস, ন্যানোপ্রযুক্তি, ইন্টারনেট ও ইন্টারনেট অব থিংস।
একাদশ ও দ্বাদশ শ্রেণিতে কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচিতি, দৈনন্দিন জীবনে এর ব্যবহার, শিক্ষাক্ষেত্রে প্রয়োগ, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক প্রয়োগ, রোবোটিকস ও ন্যানোপ্রযুক্তি অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষার্থীদের শেখার ক্ষেত্রে সহায়তা করে। তবে এআইয়ের দেওয়া তথ্য কীভাবে যাচাই ও বাছাই করতে হয়, সেটিও শেখানো প্রয়োজন। এ বছর সিঙ্গাপুরের স্কুল পাঠ্যক্রমে তথ্য যাচাই ও কৃত্রিমভাবে তৈরি ভুয়া ছবি-ভিডিও শনাক্ত করার বিষয় যুক্ত করা হয়েছে। সম্প্রতি সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংক সতর্কতামূলকভাবে ওয়েবসাইট সাময়িক বন্ধ রেখেছিল। তাই শিক্ষার্থীদের বয়স উপযোগী করে এআইয়ের দায়িত্বশীল ব্যবহার, তথ্য যাচাই এবং অনলাইন নিরাপত্তা শেখাতে হবে।
পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তি ল্যাব স্থাপনের পরিকল্পনা
শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তি ল্যাব স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব ল্যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, ত্রিমাত্রিক মুদ্রণ ও নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক কার্যক্রম থাকবে। এ প্রকল্পের আওতায় প্রায় পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হতে পারে। প্রকল্পের সম্ভাব্য ব্যয় প্রায় সাড়ে হাজার কোটি টাকা বলে তিনি উল্লেখ করেন। প্রকল্পের ব্যয় নির্ধারণে ইতিমধ্যে সম্ভাব্যতা সমীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া পরবর্তী প্রজন্মের মাধ্যমিক শিক্ষা প্রকল্পের আওতায় মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ, প্রযুক্তি ল্যাব, বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব, শিক্ষক প্রশিক্ষণ এবং নতুন শ্রেণিকক্ষ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পে ১ হাজার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এর সম্ভাব্য ব্যয় ৩ হাজার ৩৯৭ কোটি ৪৯ লাখ টাকা।
ইউনেসকোর সঙ্গে সমন্বয়ের উদ্যোগ
শিক্ষামন্ত্রী আরও বলেন, গত ৮ থেকে ১১ সেপ্টেম্বর ইউনেসকো আয়োজিত ডিজিটাল লার্নিং সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালের আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এআই যুগে শিক্ষা, সত্য, দ্বন্দ্ব ও সীমানা। ওই সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে অংশ নেওয়া হয়েছিল। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধের বিষয়েও আলোচনা হয়েছে।
ইউনেসকোর সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, ভবিষ্যতে এ খাতের দুর্বলতা দূর করা এবং বাংলাদেশকে এগিয়ে নিতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষাদানের পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলে জানান শিক্ষামন্ত্রী।
এসি/আপ্র/১০/১১/২০২৬