বাংলাদেশের রাজনীতিতে আবারো অস্থিরতার কালো মেঘ ঘনীভূত হচ্ছে। রাজধানীসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনা জনমনে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। রাজনৈতিক উত্তাপের সঙ্গে সহিংসতার এমন বিস্তার কোনোভাবেই কাম্য নয়। অতীতে বাংলাদেশে রাজনৈতিক সংঘাতের নামে গণপরিবহনে আগুন দেওয়া হয়েছে, জীবন্ত মানুষ পুড়ে মারা গেছেন, অসংখ্য মানুষ হয়েছেন গুরুতর আহত। ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হয়েছে। আমরা নিশ্চয়ই সেই বিভীষিকাময় দিনগুলো আর দেখতে চাই না। মানুষ শান্তি চায়, নিরাপত্তা চায়, স্বস্তিতে বাঁচতে চায়।
রাজনৈতিক মতপার্থক্য থাকবে, আন্দোলন হবে, প্রতিবাদ হবে, ক্ষমতার পরিবর্তনও হবে। কিন্তু এসবের মূল্য কেন সাধারণ মানুষকে জীবন দিয়ে কিংবা সর্বস্ব হারিয়ে দিতে হবে? রাজনীতির নামে একটি মানুষেরও প্রাণহানি হবে না, কোনো ঘরবাড়ি, স্থাপনা কিংবা যানবাহন পুড়বে না-এ নিশ্চয়তা সরকার ও রাজনৈতিক দলগুলোকে জনগণকে দিতে হবে। মনে রাখতে হবে, নাশকতা কখনো রাজনৈতিক বিজয়ের পথ হতে পারে না। বরং এটি সমাজকে বিভক্ত করে, পারস্পরিক অবিশ্বাস বাড়ায় এবং জাতীয় ঐক্যকে দুর্বল করে। শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় রাষ্ট্র, বিপন্ন হয় সাধারণ মানুষের জীবন ও জীবিকা।
এখানে সরকারের দায়িত্ব সবচেয়ে বেশি। আইনশৃঙ্খলা রক্ষা, নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজনৈতিক সহাবস্থানের পরিবেশ তৈরি করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে, তবে তা হতে হবে নিরপেক্ষ তদন্ত ও অকাট্য প্রমাণের ভিত্তিতে। অপরাধীর রাজনৈতিক পরিচয় যা-ই হোক, আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন কিংবা ভিন্নমতকে স্তব্ধ করার হাতিয়ার হিসেবে আইন প্রয়োগের অপব্যবহার বন্ধ করতে হবে।
আমাদের অতীতের অভিজ্ঞতা অত্যন্ত স্পষ্ট। রাজনৈতিক দল নিষিদ্ধ কিংবা সাংগঠনিকভাবে দাবিয়ে রাখার রাজনীতি কখনো স্থায়ী সমাধান আনেনি। বরং অনেক ক্ষেত্রে তা ক্ষোভ, প্রতিহিংসা ও অস্থিরতা বাড়িয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের মাত্র কয়েক দিন আগে জামায়াতে ইসলামীর ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘটনাও স্মরণ করা যেতে পারে। সেই সিদ্ধান্ত রাজনৈতিক সংকট নিরসনে কার্যকর হয়নি। বরং বিদ্যমান ক্ষোভ প্রশমনের পরিবর্তে পরিস্থিতিকে আরো জটিল করেছে। ইতিহাসের এসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া জরুরি।
বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত অন্যায়, অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের বিচার অবশ্যই চলতে হবে। দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে। কিন্তু ব্যক্তির অপরাধের দায় একটি দলের প্রত্যেক সদস্য কিংবা সমর্থকের ওপর চাপিয়ে দেওয়া কতটা ন্যায়সংগত, তা গভীরভাবে বিবেচনার দাবি রাখে। বিচারপ্রক্রিয়া এবং রাজনৈতিক দলের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত দুটি পৃথক বিষয়। দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার যৌক্তিকতা, প্রয়োজনীয়তা ও জাতীয় রাজনীতিতে তার পরিণতি নিয়ে সরকারকে দায়িত্বশীল পর্যালোচনা করতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার রাজনৈতিক দর্শনের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সামনে এখন সেই গণতান্ত্রিক চেতনার বাস্তব প্রতিফলন ঘটানোর গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও সিদ্ধান্ত গ্রহণে দলীয় আবেগ কিংবা প্রতিহিংসা নয়, সংবিধান, আইন ও গণতান্ত্রিক মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে।
স্বাধীনতার ৫৫ বছর পার করে বাংলাদেশ এখনো সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেনি। কেন পারেনি তাও স্পষ্ট; যখন যারা ক্ষমতায় এসেছেন, তারা বিরোধী দল ও মতকে দমিয়ে রেখেছেন। সুষ্ঠু নির্বাচনও যেমন হয়নি, রাজপথেও গণতান্ত্রিক প্রথার চর্চা করা যায়নি। এভাবে আর সময়ক্ষেপণ করা ঠিক হবে না। সরকারকে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। নিষেধাজ্ঞার রাজনীতি বছর কিংবা যুগ যুগ ধরে চলতে থাকলে বহুদলীয় গণতন্ত্রের বিকাশ ঘটবে কীভাবে? বিরোধী মতের রাজনৈতিক অধিকার নিশ্চিত না করে গণতন্ত্রের সৌন্দর্য প্রতিষ্ঠা সম্ভব নয়। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকেও সহিংসতা, উসকানি ও প্রতিহিংসার পথ পরিহার করতে হবে।
রাষ্ট্র সবার, দেশ সবার। ক্ষমতা কারও চিরস্থায়ী নয়, কিন্তু রাষ্ট্র ও জনগণের ভবিষ্যৎ দীর্ঘস্থায়ী। অতএব, রাজনৈতিক প্রতিযোগিতা হোক আদর্শ, কর্মসূচি ও জনসমর্থনের ভিত্তিতে; আগুন, বিস্ফোরণ কিংবা নিষেধাজ্ঞার মাধ্যমে নয়। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে রাজনীতি করতে গিয়ে কাউকে প্রাণ দিতে হবে না, কোনো পরিবারকে স্বজন হারানোর বেদনা কিংবা সর্বস্ব হারানোর যন্ত্রণা সইতে হবে না। গণতন্ত্রের ফুল ফুটুক সহনশীলতা, সহাবস্থান ও মানুষের নিরাপত্তার নিশ্চয়তায়।
সানা/আপ্র/১১/১১/২০২৬