আসছে শীতকাল। এ ঋতুতে বাংলাদেশে পাওয়া যায় নানা ধরনের শাকসবজি। বাজারে গেলেই চোখে পড়ে সুস্বাদু সবজির সমাহার। বিশেষ করে ফুলকপি ও বাঁধাকপির স্বাদ শীতের সময় যেন বেড়ে যায় দ্বিগুণ।
তবে এ সময় সবচেয়ে সতর্ক থাকার বিষয় হলো, বাজার থেকে আনা এসব শাকসবজির ভেতরে অনেক সময় লুকিয়ে থাকে বিভিন্ন ধরনের পোকামাকড়, যা খালি চোখে সহজে দেখা যায় না। তাই রান্নার আগে বাজার থেকে আনা সবজি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া জরুরি।
ঘরে থাকা অল্প কিছু উপকরণ ব্যবহার করেই শাকসবজির ভেতরে বা গায়ে লেগে থাকা পোকামাকড় ও ময়লা পরিষ্কারের চেষ্টা করা যায়। জেনে নেওয়া যাক কয়েকটি পদ্ধতি
গরম পানি ও লবণ
প্রাচীনকাল থেকেই বাঁধাকপি ও অন্যান্য শাকসবজি পরিষ্কারের জন্য এ পদ্ধতি ব্যবহার করা হয়ে আসছে। বাজার থেকে সবজি কিনে আনার পর রান্নার আগে প্রথমে ভালোভাবে ধুয়ে, বেছে ও কেটে নিতে হবে। এরপর একটি বড় পাত্রে সবজি রেখে তাতে হালকা গরম পানি ও দুই থেকে তিন চামচ লবণ মিশিয়ে দিতে হবে। এভাবে ১০ থেকে ১৫ মিনিট ঢেকে রাখার পর সবজি আবার ভালোভাবে ধুয়ে নিতে হবে। লবণপানিতে ভিজিয়ে রাখলে সবজির ভেতরে থাকা কিছু পোকামাকড় বেরিয়ে আসতে পারে।
হলুদ মেশানো পানি
শাকসবজি পরিষ্কারের আরেকটি প্রচলিত পদ্ধতি হলো হলুদ মেশানো পানি। লবণপানিতে ধোয়ার পর একটি পরিষ্কার পাত্রে পানি নিয়ে তাতে আধা চামচ হলুদ মিশিয়ে সবজি কিছুক্ষণ ভিজিয়ে রাখা যায়। এরপর ভালোভাবে ধুয়ে নিতে হবে। হলুদের জীবাণুরোধী বৈশিষ্ট্য থাকলেও এটি সব ক্ষতিকর রাসায়নিক বা ময়লা সম্পূর্ণ দূর করে—এমন নিশ্চয়তা নেই।
পর্যাপ্ত আলোতে শাকসবজি বাছাই
বাঁধাকপি, ফুলকপি কিংবা অন্যান্য শাকসবজি বাছাই ও কাটার সময় পর্যাপ্ত আলো রয়েছে, এমন জায়গা নির্বাচন করা উচিত। ভালোভাবে দেখে পাতা আলাদা করতে হবে এবং সবজির ভাঁজ ও ভেতরের অংশে পোকামাকড় আছে কি না, তা পরীক্ষা করে নিতে হবে।
গরম পানিতে ভাপ দেওয়া
বাঁধাকপি, ফুলকপি ছাড়াও বিভিন্ন সবজি রান্নার আগে গরম পানিতে ভাপিয়ে নেওয়া যেতে পারে। তবে রান্নার আগে সবজি পুরোপুরি সেদ্ধ করার প্রয়োজন নেই। ভাপ দেওয়ার পর প্রয়োজন অনুযায়ী রান্না করতে হবে।
সবশেষে পরিষ্কার পানিতে ধুয়ে নিন
বাজার থেকে আনা শাকসবজি বেছে ও কেটে নেওয়ার পর লবণপানি বা হলুদ মেশানো পানিতে ধুলেও সবশেষে প্রবাহমান পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নেওয়া জরুরি। এতে সবজির গায়ে লেগে থাকা অবশিষ্ট ময়লা ও ছোট পোকামাকড় দূর হতে পারে। বিশেষ করে ফুলকপি ও বাঁধাকপির ভেতরের স্তরগুলো আলাদা করে ধুয়ে নেওয়া ভালো।
এসি/আপ্র/১১/১১/২০২৬