গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শেষ ফোনে বাবাকে বলেছিলেন, ‘আমি ভালো আছি’

ভাত চুরির অপবাদে খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যা

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ০১:৪৮ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৩:৩৮ এএম ২০২৬
ভাত চুরির অপবাদে খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যা
ছবি

নিহত আজমুল হোসেন -ছবি সংগৃহীত

খুলনা নগরীতে ‘ভাত চুরি করে খাওয়ার’ অপবাদ দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের খাজা খানজাহান আলী আবাসিক হলের পেছনে ইসলামনগর রোডের একটি চারতলা ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আজমুল হোসেন (২১) চুয়াডাঙ্গার দর্শনার বড় শলুয়া গ্রামের কৃষক কুতুব উদ্দিনের ছেলে। তিনি নগরীর বেসরকারি নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্র ছিলেন। গত ১০ সেপ্টেম্বর তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

খুলনা মহানগর পুলিশের সহকারী কমিশনার হুমায়ুন কবির বলেন, এ হত্যাকাণ্ড নিয়ে আইনগতভাবে যা যা করা যায়, পুলিশ তাই করবে এবং জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। হরিণটানা থানার ওসি মো. ইকবাল হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা না হলে পুলিশ বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছিল।

তবে শনিবার রাতে আজমুলের বাবা কুতুব উদ্দিন বাদী হয়ে হরিণটানা থানায় হত্যা মামলা করেছেন। মামলায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ভাত চুরির অভিযোগে মারধর
স্থানীয়দের ভাষ্য, ইসলামনগর রোডের ওই চারতলা ভবনটি পুরোপুরি ছাত্রদের মেস হিসেবে ব্যবহৃত হয়। সেখানে প্রায় ৫০ থেকে ৬০ জন ছাত্র থাকেন। প্রায় এক বছর আগে আজমুল ভবনের চারতলার ডি-৮ নম্বর কক্ষ ভাড়া নেন। ওই তলায় মোট আটটি কক্ষ রয়েছে। ডি-২ নম্বর কক্ষে থাকেন মেসের ব্যবস্থাপক ও গোপালগঞ্জ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মেহেদী।

স্থানীয়দের কাছে মেসের ছাত্রদের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার রাতে মেহেদীর ভাত আজমুল খেয়ে ফেলেছেন - এমন অভিযোগ তোলা হয়। এরপর মেহেদীসহ মেসের কয়েকজন ছাত্র ও বাইরে থেকে আসা কয়েকজন তাকে ছাদে নিয়ে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। তবে কারা সরাসরি মারধরে জড়িত ছিলেন, তা তদন্ত করে নিশ্চিত করার কথা জানিয়েছে পুলিশ।

ঘটনার পর শনিবার দুপুরে ওই ছাত্রাবাসে গিয়ে দেখা যায়, আটটি কক্ষের সাতটিতেই তালা ঝুলছে। ডি-৮ নম্বর কক্ষটিও তালাবদ্ধ ছিল। ডি-১ নম্বর কক্ষে থাকা খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র লাবিব বিশ্বাস রাসেল বলেন, চুরির অভিযোগে কয়েকজন আজমুলকে ছাদে নিয়ে মারধর করেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না। অন্য কক্ষের ছাত্ররা কোথায় গেছেন, সে বিষয়েও তিনি কিছু বলতে পারেননি।

ছাত্রাবাসের ছাদে গিয়ে মানুষের চলাচলে ধুলাবালি ও ছাদের কিছু অংশের আস্তরণ সরে যাওয়ার চিহ্ন দেখা যায়। সেখানে একটি স্যান্ডেলও পড়ে থাকতে দেখা গেছে।

মেসের গৃহকর্মী ফাতেমা বলেন, এর আগেও আজমুলের বিরুদ্ধে টাকা ও বিভিন্ন জিনিস চুরির অভিযোগ উঠেছিল। শুক্রবার রাতে ভাত চুরি করে খাওয়ার অভিযোগে মেসের ছাত্র ও বাইরে থেকে আসা কয়েকজন তাকে মারধর করেন। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলেও তারা শোনেননি বলে দাবি করেন তিনি।

ছাদ থেকে পড়ে যাওয়ার শব্দ, হাসপাতালে মৃত্যু
আশপাশের বাসিন্দাদের ভাষ্য, শুক্রবার রাত পৌনে ১টার দিকে তারা জোরে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতে পান। পরে বাইরে এসে গলিতে আজমুলকে পড়ে থাকতে দেখেন। মেসের কয়েকজন ছাত্র তাকে অ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের একজন চিকিৎসক জানান, আজমুলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল এবং তার দুই পা ভাঙা ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মৃত্যুর খবর পাওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে আসা মেসের কয়েকজন ছাত্র দ্রুত সেখান থেকে চলে যান।

পুলিশ জানায়, সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে আজমুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে ঘটনাটি কীভাবে ঘটেছে, তা নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। কয়েকজনের ভাষ্য, মারধরের পর আজমুল ছাদ থেকে নিচে পড়ে যান। আবার হাসপাতালে নিয়ে যাওয়া ব্যক্তিরা তাকে চতুর্থ তলা থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন বলে জানিয়েছিলেন। পুলিশ তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ নিশ্চিত করার কথা জানিয়েছে।


শেষ ফোনে বাবাকে বলেছিলেন, ‘আমি ভালো আছি’
নিহত আজমুলের বাবা কুতুব উদ্দিন বলেন, তাঁর দুই ছেলে। বড় ছেলে আজমুল প্রায় এক বছর আগে লেখাপড়ার জন্য খুলনায় আসেন। ২০২৫ সালে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারলেও চলতি মাসে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি।

কুতুব উদ্দিন বলেন, শুক্রবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে বিকেল সাড়ে ৫টার দিকে আজমুল খুলনায় পৌঁছান। রাত ৯টার দিকে পরিবারের সঙ্গে তার শেষ কথা হয়। তখন আজমুল বলেছিলেন, ‘আমি ভালো আছি। তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না।’

তিনি বলেন, রাত ১২টার পর ছেলের মুঠোফোন থেকে অন্য এক তরুণ ফোন করে জানায়, আজমুল ঝামেলা করেছেন। তাকে পেতে হলে দ্রুত এক লাখ টাকা নিয়ে আসতে হবে। টাকা না আনলে ছেলেকে পাওয়া যাবে না বলেও ওই তরুণ জানায়।

কুতুব উদ্দিন বলেন, তিনি নিজেকে কৃষক পরিচয় দিয়ে জানান, এক লাখ টাকা দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। তখন ওই ব্যক্তি তাকে দ্রুত খুলনায় আসতে বলেন। তিনি ট্রেনে আসার কথা জানালে ওই ব্যক্তি বলেন, ট্রেনে, বাসে না বিমানে আসবেন, সেটা তার ব্যাপার। পরে সকালে খুলনায় এসে তিনি জানতে পারেন, তার ছেলে আর বেঁচে নেই।

কান্নাজড়িত কণ্ঠে কুতুব উদ্দিন বলেন, “আমি কার কাছে এ বিচার দিব? আমি কারো কাছে বিচার দিব না। আমরা গরিব মানুষ। বাড়ি অনেক দূরে। আল্লাহর কাছে বিচার দিলাম।”

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস
নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কানাই লাল সরকার বলেন, ১০ সেপ্টেম্বর আজমুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তার সম্পর্কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তেমন কিছু জানত না। আজমুলের মা-বাবার সঙ্গে কথা বলা হয়েছে এবং তাদের আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. সালাউদ্দিন বলেন, ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে ঘটেছে। ফলে সেখানে সরাসরি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো এখতিয়ার নেই। তবে ঘটনা জানার পর থেকেই পুলিশকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

হরিণটানা থানার পুলিশ জানিয়েছে, মামলায় নাম উল্লেখ করা চারজনসহ অজ্ঞাত আসামিদের বিষয়ে তদন্ত চলছে। হত্যাকাণ্ডে কারা কীভাবে জড়িত এবং আজমুলের মৃত্যুর প্রকৃত কারণ কী - তদন্তের মাধ্যমে তা নিশ্চিত করা হবে।
সানা/আপ্র/২০/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪
১৯ সেপ্টেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

মুন্সিগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত হয়েছেন।...

জঙ্গলে মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ
১৯ সেপ্টেম্বর ২০২৬

জঙ্গলে মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ হওয়া ১৩ বছরের কিশোর অপ্রতিমের মরদেহ উদ্ধার ক...

সুনামগঞ্জে তিন সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ
১৯ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জে তিন সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ

সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর নিজেও বিষপান করেছেন এক বাবা। মুমূর্ষু অবস্থায়...

সুনামগঞ্জে সন্তানসহ বাবার বিষপান, প্রাণ গেল ৩ শিশুর
১৯ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জে সন্তানসহ বাবার বিষপান, প্রাণ গেল ৩ শিশুর

সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানসহ বিষপান করেছেন বাবা। এ ঘটনায় তিন শিশুর মৃত্যু হলেও গুরুতর মুমূর্ষু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই