মোঃ আকরাম হোসেন: পাশের জেলা জামালপুর থেকে টাঙ্গাইলের ধনবাড়ীতে ইয়াবার চালান পৌঁছে দেওয়ার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি দুই মাদক কারবারির। ধনবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২১ হাজার টাকা।
গতকাল শুক্রবার (৯ অক্টোবর) ভোরে ধনবাড়ী পৌরশহরের কিসামত ধনবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন জামালপুর সদর উপজেলার দিগপাইত এলাকার মৃত আবুল খায়েরের ছেলে মো. আলফাজ হোসাইন (৪০) এবং একই এলাকার মো. আব্দুল আজিজের ছেলে আমান উল্লাহ (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের বিশেষ দিকনির্দেশনায়, মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলামের তত্ত্বাবধানে এবং ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুস সালাম সিদ্দিকের সার্বিক ব্যবস্থাপনায় এ অভিযান পরিচালিত হয়।
ঘটনার দিন ভোরে ধনবাড়ী থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. আরিফুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি টহল দল মোবাইল ডিউটিতে ছিল। ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কিসামত ধনবাড়ী এলাকার আমবাগান মোড় থেকে ধোপাবাড়ী মোড়গামী সড়কে মান্নান মাস্টারের বাড়ির সামনের পাকা রাস্তায় অবস্থান নেয়।
এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে আনুমানিক ২১ হাজার টাকা মূল্যের ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ধনবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ০৯।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুস সালাম সিদ্দিক জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে। এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশের মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতার অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
সানা/আপ্র/১০/১০/২০২৬