কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের মধ্যে ৬ জনের নামপরিচয় জানা গেছে।
নিহতরা হলেন, রাজধানীর বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭) এবং চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) ও শিশু ফায়িজান আহম্মেদ (৫)।
নিহতদের মধ্যে কয়েকজনের স্বজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল আহাদ সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, মারা যাওয়ারদের মধ্যে পাঁচজন আমার কাজিন ও ৫ বছর বযসী ভাগনি রয়েছে। এছাড়া আমার মামা মাসুদ ও মামী মেহেরুন্নেসা বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আহাদ সরকার লিখেছেন, কক্সবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রথমে তার পরিবারের ছয় সদস্যের মৃত্যুর খবর পান। পরে আরো একজনের মৃত্যুর খবর আসে।
পোস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন আহাদ সরকার। একই সঙ্গে তাদের জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য সবার কাছে দোয়া চান তিনি।
অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ছয়জন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তার স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন পাটুয়ারটেক সৈকত এলাকায় কাঠের তৈরি টুপটুপ রিসোর্টে আগুন লাগে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এসি/আপ্র/১৭/১০/২০২৬