সাপ্তাহিক ছুটির দিন শনিবার (১৭ অক্টোবর) সচিবালয়সহ দেশের সরকারি অফিসগুলোতে স্বাভাবিক কার্যক্রম চলছে। সকাল ৯টা থেকে শুরু হওয়া অফিস চলবে অন্যান্য দিনের মতো বিকেল ৪টা পর্যন্ত। সরকারি অফিসের পাশাপাশি ব্যাংক, শেয়ারবাজার, আর্থিক প্রতিষ্ঠান ও আদালতও খোলা রয়েছে।
শনিবার সকালে সচিবালয়ের বিভিন্ন দপ্তর ঘুরে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক দেখা গেছে। খাদ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে কার্যক্রম চলতে দেখা যায়।
বিশেষ কর্মদিবস হওয়ায় সচিবালয়ের এক ও দুই নম্বর ভবনের মাঝখানে অবস্থিত দর্শনার্থী অভ্যর্থনা কক্ষে মানুষের আনাগোনা তুলনামূলক কম ছিল। তবে সচিবালয়ের গাড়ি রাখার স্থানগুলো অন্যান্য দিনের মতোই গাড়িতে পূর্ণ ছিল।
দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি করতে আগামী ২২ অক্টোবরও ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেয় সরকার। এর অংশ হিসেবে ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করে ওই দিন অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়।
গত ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর যথাক্রমে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ছুটি থাকবে। একই সঙ্গে ১৭ অক্টোবর শনিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা রাখার কথা বলা হয়।
এর আগে ৫ অক্টোবর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত ছিল। ২২ অক্টোবর অফিস খোলা থাকার কথা থাকলেও ওই দিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা।
এর ফলে ২০ থেকে ২২ অক্টোবর দুর্গাপূজার ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি ভোগের সুযোগ তৈরি হয়েছে।
এসি/আপ্র/১৭/১০/২০২৬