মুসলিম বিশ্বে বহুল পরিচিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে কারও নাম মনে না থাকলে ‘মোহাম্মদ’ বলে ডাকলেই চলে।
শনিবার (১৭ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ডালটনে এক নির্বাচনী সমাবেশে এ মন্তব্য করেন ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে ডালটন মিউনিসিপ্যাল বিমানবন্দরে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের কারো নাম জানা না থাকলে তাকে ‘মোহাম্মদ’ বলে ডাকা যেতে পারে। এভাবে ডাকলে ৬৫ শতাংশ ক্ষেত্রে ভুল হবে না বলেও দাবি করেন তিনি।
ভাষণে ইরানের প্রসঙ্গ টেনে ট্রাম্প আরো বলেন, ইরানই একমাত্র দেশ, যেখানে কেউ প্রেসিডেন্ট হতে চান না। এ সময় কয়েকজন কাল্পনিক ব্যক্তির দিকে তাকিয়ে রসিকতার ছলে তিনি জানতে চান, তাদের কেউ দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নিতে চান কি না। তবে ২০২৪ সাল থেকে মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
ট্রাম্পের এ মন্তব্যের পর সমাবেশে উপস্থিত দর্শকদের কাছ থেকে সীমিত প্রতিক্রিয়া দেখা যায়। অন্যদিকে, মানবাধিকার সংস্থা ও যুক্তরাষ্ট্রে মুসলিমদের অধিকার রক্ষায় কাজ করা সংগঠনগুলো মুসলিম ও অভিবাসীদের নিয়ে তার বারবার করা অসম্মানজনক মন্তব্যের সমালোচনা করেছে।
কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (সিএআইআর) এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের অভিবাসনবিরোধী অবস্থান এবং দ্বিতীয় মেয়াদের বিভিন্ন নীতির কারণে যুক্তরাষ্ট্রে ইসলামবিদ্বেষ ও মুসলিমদের প্রতি বিদ্বেষ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
সূত্র: রয়টার্স
এসি/আপ্র/১৭/১০/২০২৬