মোঃ আয়নাল হক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে ট্রাক ও যাত্রীবাহী ইজিবাইকের সংঘর্ষে পাঁচজন নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক লুৎফর রহমানকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে পাবনা জেলা সদরে যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। অভিযানে অংশ নেয় এসআরবি জামালপুর-১৪ ও পাবনা-১২।
গত ১৭ অক্টোবর শনিবার দুপুর ৩টার দিকে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবিরডাঙ্গি এলাকায় দারুল আরকান ও ফাতেমাতুজ্জহুরা মহিলা মাদ্রাসার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা-রৌমারী মহাসড়কে মালবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী ইজিবাইকের সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন আরো একজন।
নিহত ব্যক্তিরা হলেন লিপি আক্তার (২৬), তাঁর ছেলে রিশাদ (১২), মেয়ে তুবা (৭), তাঁর বোন শরীফা (৪২) এবং রাজীবপুর উপজেলার নজরুল ইসলাম। দুর্ঘটনায় শরীফার মেয়ে বৃষ্টি খাতুন (২৫) গুরুতর আহত হন।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার লুৎফর রহমান পাবনা জেলা সদরের স্থায়ী বাসিন্দা। দুর্ঘটনার পর ট্রাক ও ইজিবাইকের চালক পালিয়ে যান। ঘটনার দিন রাতেই নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে ট্রাক ও ইজিবাইকের চালকের বিরুদ্ধে রৌমারী থানায় লিখিত অভিযোগ করা হয়।
এ ঘটনায় পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে এসআরবি জামালপুর-১৪। দীর্ঘ অনুসন্ধানের পর পাবনা জেলা সদরে যৌথ অভিযান চালিয়ে ট্রাকচালককে গ্রেফতার করা হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওসার আলী ট্রাকচালক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতার লুৎফর রহমানকে রৌমারীতে নিয়ে আসার জন্য পাবনায় পুলিশ পাঠানো হয়েছে।
সানা/আপ্র/২৬/১০/২০২৬