পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর সমপর্যায়ের ক্ষমতা দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠক-২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার জন্য তাঁকে এ ক্ষমতা দেওয়া হয়। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ থেকে ৪ নভেম্বর ক্যারিবীয় দেশ অ্যান্টিগা ও বারবুডায় কমনওয়েলথ সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন হুমায়ুন কবির।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৯৯৬ সালের কার্যবিধির ৪(৩) ধারা অনুযায়ী হুমায়ুন কবিরকে পূর্ণ মন্ত্রীর সমপর্যায়ের ক্ষমতা অর্পণ করা হয়েছে। উচ্চপর্যায়ের এ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন এবং বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার উদ্দেশ্যে তাঁকে এ ক্ষমতা দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
এই সিদ্ধান্তের ফলে কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠক-২০২৬-এ হুমায়ুন কবির পূর্ণ মন্ত্রীর সমপর্যায়ের ক্ষমতা নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। তবে এ ক্ষমতা সম্মেলনে প্রতিনিধিদলের নেতৃত্ব ও ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। তথ্যসূত্র: বাসস।
সানা/আপ্র/২৬/১০/২০২৬