গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মেনু

বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানে গুরুত্ব দিয়ে জাপান সফরে প্রধানমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৭ পিএম, ২৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:২৫ এএম ২০২৬
বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানে গুরুত্ব দিয়ে জাপান সফরে প্রধানমন্ত্রী
ছবি

রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে যাত্রা করেন সরকারপ্রধান -ছবি সংগৃহীত

চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের রাজধানী টোকিওর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান। দুই দেশের বিদ্যমান কৌশলগত অংশীদারত্ব জোরদার, নতুন বিনিয়োগ আকর্ষণ, বাণিজ্য সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং উন্নয়ন সহযোগিতা বাড়ানোই সফরের প্রধান লক্ষ্য।

রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে যাত্রা করেন সরকারপ্রধান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে তিনি সফর শুরু করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন যাত্রার বিষয়টি নিশ্চিত করেন।

সফরসূচি অনুযায়ী, ২৬ অক্টোবর স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর পৌঁছানোর কথা। জাপানের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী ইয়াসুতাকা নাকাসোনে তাঁকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন। সফরকালে প্রধানমন্ত্রী টোকিওর ইম্পেরিয়াল হোটেলে অবস্থান করবেন। ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এ সফর চলবে।

২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠক
সফরের দ্বিতীয় দিন ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তারেক রহমান। বৈঠকের আগে তাঁকে আনুষ্ঠানিক গার্ড অব অনার দেওয়া হবে। বৈঠক শেষে দুই দেশের পক্ষ থেকে যৌথ সংবাদ ঘোষণা দেওয়া এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজ আয়োজনের কথা রয়েছে।

বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারত্বকে আরো গভীর করা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে জাপানের বেসরকারি বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের ব্যবসায়িক অংশীদারত্ব সম্প্রসারণও আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হবে।

কৃষি, মৎস্য, বাণিজ্যসহ একাধিক চুক্তির সম্ভাবনা
সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের দেওয়া তথ্য অনুযায়ী, দুই দেশের মধ্যে প্রায় আটটি সহযোগিতা-সংক্রান্ত নথি নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে তিন থেকে চারটি চুক্তি বা সমঝোতা স্মারক সফরকালে স্বাক্ষরিত হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। তবে চূড়ান্ত সংখ্যা নির্ভর করবে আলোচনার অগ্রগতি ও সমঝোতার ওপর।

সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে কৃষি, মৎস্য, মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, বেসামরিক বিমান চলাচল, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়ন। এসব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো গেলে বাংলাদেশের উৎপাদন সক্ষমতা, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির কার্যকর বাস্তবায়নও সফরের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। এই চুক্তির সুফল কাজে লাগিয়ে জাপানের বাজারে বাংলাদেশের পণ্যের প্রবেশাধিকার সম্প্রসারণ, রপ্তানি বৃদ্ধি এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হবে।

জাপানের ঋণের সুদের হার কমানোর বিষয়টিও আলোচনায় আসতে পারে। পাশাপাশি মেট্রোরেলসহ চলমান অবকাঠামো প্রকল্প, উন্নয়ন সহযোগিতা এবং জাপানি সহায়তায় বাংলাদেশে শিল্পকারখানা স্থাপনের সম্ভাবনা নিয়ে দুই পক্ষ আলোচনা করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জাপানি ব্যবসায়ী ও উন্নয়ন সংস্থার সঙ্গে বৈঠক
সফরের প্রথম দিনেই জাপানের ব্যবসায়ী, সংসদীয় বন্ধুত্ব গোষ্ঠী এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক বৈঠকের কর্মসূচি রয়েছে। জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সভাপতি তারো আসোর সঙ্গে তাঁর সাক্ষাৎ হওয়ার কথা। ওই বৈঠকে জাপানের ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটনমন্ত্রী তাতসুনোরি ইবায়াশি এবং সংসদীয় মৈত্রী লীগের জ্যেষ্ঠ সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে।

এ ছাড়া জাপান-বাংলাদেশ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা কমিটির চেয়ারম্যান মাসুমি কাকিনোকি এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার সভাপতি আকিহিকো তানাকার সঙ্গে পৃথক বৈঠকের কর্মসূচি রয়েছে। সন্ধ্যায় নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের সম্মানসূচক চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার আয়োজিত নৈশভোজে অংশ নেওয়ার কথা প্রধানমন্ত্রীর।

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা ছাড়াও জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নর এবং জাপান বৈদেশিক বাণিজ্য সংস্থার সভাপতির সঙ্গে বৈঠকের বিষয়টিও সফরের প্রাথমিক কর্মসূচিতে রয়েছে। এসব বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ, অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং শিল্প খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে।


অর্থনৈতিক ফোরামে বক্তব্য, শিল্প ও জ্বালানি স্থাপনা পরিদর্শন
জাপান সফরে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে বাণিজ্যিক অংশীদারত্ব, বাংলাদেশে বিনিয়োগের সুযোগ, শিল্পায়ন এবং কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা তুলে ধরার কথা রয়েছে।

প্রাথমিক সফরসূচিতে জাপানের চিবা অঞ্চলের ফুতসু শহরে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের বিষয়টি রয়েছে। এ ছাড়া পোশাকশিল্পের প্রতিষ্ঠান ইউনিক্লোর সদর দপ্তর এবং নাগোয়া শহরের টয়োটা কারখানা পরিদর্শনের কর্মসূচিও রয়েছে। এসব পরিদর্শনের মাধ্যমে জাপানের শিল্পপ্রযুক্তি, উৎপাদনব্যবস্থা, জ্বালানি অবকাঠামো ও ব্যবস্থাপনা সম্পর্কে জানার সুযোগ তৈরি হবে।

বাংলাদেশে জাপানি বিনিয়োগের মাধ্যমে নতুন কারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার বিষয়গুলো সফরের অন্যতম প্রত্যাশা। বিশেষ করে জাপানের মাঝারি আকারের শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের উদ্যোক্তাদের অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে উৎপাদনের মান, গুণগত নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি হতে পারে।

রোহিঙ্গা সংকট ও জ্বালানি নিরাপত্তাও আলোচনায়
দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি-স্থিতিশীলতা, রোহিঙ্গা সংকটের টেকসই ও শান্তিপূর্ণ সমাধান এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণ, উন্নয়ন প্রকল্পে সহযোগিতা এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলোও গুরুত্ব পেতে পারে।

বাংলাদেশের অবকাঠামো ও উন্নয়ন খাতে জাপান দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ অংশীদার। মেট্রোরেল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং মাতারবাড়ী অবকাঠামো উন্নয়নের মতো বড় প্রকল্পে জাপানের সহযোগিতা রয়েছে। নতুন বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার মাধ্যমে এই সম্পর্ক আরো বিস্তৃত করার প্রত্যাশা দুই দেশের।

১৫ সদস্যের প্রতিনিধিদলে মন্ত্রী, উপদেষ্টা ও কর্মকর্তারা
প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ১৫ সদস্যের প্রতিনিধিদলে রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

এ ছাড়া রয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম, সচিব সালাহউদ্দিন নোমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

প্রতিনিধিদলে আরো রয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী এবং আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান। প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্য এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

চার দিনের এ সফরে দুই দেশের মধ্যে নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করা, বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বাড়ানো এবং বিদ্যমান কৌশলগত অংশীদারত্বকে আরো কার্যকর করার বিষয়ে অগ্রগতি অর্জনের প্রত্যাশা করা হচ্ছে। সফর শেষে সম্ভাব্য চুক্তি, যৌথ ঘোষণা ও আলোচনার সিদ্ধান্তগুলোর বাস্তবায়নই হবে সফরের সাফল্য মূল্যায়নের গুরুত্বপূর্ণ মাপকাঠি।
সানা/আপ্র/২৬/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ রাজউকের ১,৪১৩ প্লট, তদন্তে ১,০৭৪টি
২৬ অক্টোবর ২০২৬

রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ রাজউকের ১,৪১৩ প্লট, তদন্তে ১,০৭৪টি

২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজধানীর অভিজাত ও গুরুত্বপূর্ণ আবাসিক এলাকাগুলোতে রাজনৈতিক বিবেচনায় বরাদ্...

ব্যবসায়ীকে আটকে ১০ লাখ টাকা চাঁদা দাবি, ছয়জন কারাগারে
২৬ অক্টোবর ২০২৬

ব্যবসায়ীকে আটকে ১০ লাখ টাকা চাঁদা দাবি, ছয়জন কারাগারে

রাজধানীর মোহাম্মদপুরে মোটরসাইকেল কেনাবেচার এক ব্যবসায়ীকে ফাঁদে ফেলে আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি...

নোট অব ডিসেন্ট পরিবর্তনে সরকারের আহ্বান প্রত্যাখ্যান বিরোধী দলের
২৬ অক্টোবর ২০২৬

নোট অব ডিসেন্ট পরিবর্তনে সরকারের আহ্বান প্রত্যাখ্যান বিরোধী দলের

জুলাই জাতীয় সনদে বিএনপির দেওয়া ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’-এ পরিবর্তন চাইলে সংবিধান সংশোধনবিষয়ক বিশে...

কমনওয়েলথ সম্মেলনে পূর্ণ মন্ত্রীর ক্ষমতা পেলেন হুমায়ুন কবির
২৬ অক্টোবর ২০২৬

কমনওয়েলথ সম্মেলনে পূর্ণ মন্ত্রীর ক্ষমতা পেলেন হুমায়ুন কবির

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর সমপর্যায়ের ক্ষমতা দেওয়া হয়েছে। ভারপ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 40 মিনিট আগে