যশোর প্রতিনিধি: যশোরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, লেখাপড়ার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষা যেন শুধু অর্থ উপার্জনের মাধ্যম না হয়; বরং মানবিক, নৈতিক ও সুখী মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই হওয়া উচিত জীবনের অন্যতম লক্ষ্য।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, শিশুদের সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সন্তানদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধের বিকাশে সহযোগিতা করতে হবে। একই সঙ্গে তাদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টির প্রতিও গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন যশোরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোর ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
সানা/কেএমএএ/আপ্র/৪/১১/২০২৬