একেএম ফজলুল হক, চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকার বাসিন্দারা ভাঙা সড়ক, জলাবদ্ধতা, পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন সমস্যা ও নাগরিক ভোগান্তির কথা তুলে ধরেন। অভিযোগ শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নাগরিকদের অভিযোগ শোনা এবং সরাসরি সমাধানের উদ্যোগ নেওয়ার লক্ষ্যে আয়োজিত এ গণশুনানিতে সভাপতিত্ব করেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) এবং শুলকবহর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সোয়েব উদ্দিন খান।
শুনানিতে বাসিন্দারা এলাকার ভাঙা সড়ক ও অবকাঠামোগত সমস্যা, জলাবদ্ধতা, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং বর্জ্য ব্যবস্থাপনার নানা সীমাবদ্ধতার কথা জানান। পাশাপাশি জন্মনিবন্ধন সেবা পেতে ভোগান্তির বিষয়টিও তুলে ধরেন তাঁরা। নাগরিকদের অভিযোগ ও প্রত্যাশার কথা শুনে সংশ্লিষ্ট কর্মকর্তারা সমস্যাগুলো বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
গণশুনানিতে জানানো হয়, সরাসরি মতবিনিময়ের মাধ্যমে স্থানীয় পর্যায়ের সমস্যা দ্রুত চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া সম্ভব। এতে সিটি করপোরেশনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার সুযোগ তৈরি হয়। বাসযোগ্য নগর গড়ে তোলার লক্ষ্যে ওয়ার্ডভিত্তিক এ ধরনের গণশুনানি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে চসিকের পক্ষ থেকে জানানো হয়।
অনুষ্ঠানে ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের সচিব মোহাম্মদ হানিফ, জন্মনিবন্ধন সহকারী বনশ্রী সেনগুপ্ত, সড়ক তদারককারী, পরিচ্ছন্নতা সুপারভাইজারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সানা/কেএমএএ/আপ্র/১১/১১/২০২৬