শিখস ফর জাস্টিসের (এসএফজে) সদস্য গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও দেশটির গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাবেক প্রধান সামন্ত গোয়েলের বিরুদ্ধে দেওয়ানি সমন জারি করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। এ ঘটনায় সমনকে ‘বানানো ও বিদ্বেষপূর্ণ’ আখ্যা দিয়ে ভিত্তিহীন অভিযোগে দায়ের করা মামলাটি প্রত্যাখ্যান করেছে ভারত সরকার।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারতে কোনো আইনি নথি বা সমন পাঠানোর অনুরোধ দেশটির নির্ধারিত কেন্দ্রীয় কর্তৃপক্ষ, অর্থাৎ আইন ও বিচার মন্ত্রণালয়ের মাধ্যমে করতে হয়। পান্নুন হত্যাচেষ্টা মামলার বিষয়টি কূটনৈতিক বার্তার মাধ্যমে ভারতকে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
দোভাল ও গোয়েল ছাড়াও মামলার অন্য বিবাদীদের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। গত ৯ অক্টোবর ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাসে সমনটি পাঠানো হয়। ভারতীয় সংশ্লিষ্ট সূত্রগুলো একে নিয়মিত আইনি প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেছে।
ভারত সরকারের দাবি, এ ধরনের সমন জারির ঘটনা নতুন নয়। ২০১৩ সালে ১৯৮৪ সালের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে শিখস ফর জাস্টিসের করা একটি মামলায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিরুদ্ধেও দেওয়ানি সমন জারি করেছিলেন ওয়াশিংটনের একটি ফেডারেল আদালত। সে সময় তিনি যুক্তরাষ্ট্র সফরে ছিলেন।
ভারত আরো দাবি করেছে, ২০০২ সালে চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিনের বিরুদ্ধেও একই ধরনের সমন জারি হয়েছিল। শেষ পর্যন্ত ওই দুটি মামলাই খারিজ হয়ে যায়।
পান্নুন হত্যাচেষ্টা মামলায় নতুন এ পদক্ষেপ এসেছে ভারতীয় নাগরিক নিখিল গুপ্তের সাজা ঘোষণার আগে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র। আগামী ২০ নভেম্বর তাঁর সাজা ঘোষণার কথা রয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুসারেই সমন পাঠানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে মামলাটি সম্পর্কে মার্কিন সরকারের নিজস্ব কোনো অবস্থান প্রকাশ পায় না। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
সানা/ডিসি/আপ্র/১১/১১/২০২৬