ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তাঁর বক্তব্যের জবাবে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাগত জানান। তবে শুধু বক্তব্য নয়, ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাৎসিরা যেমন জার্মানিতে ফিরে এসে রাজনীতি করতে পারেনি, তেমনি গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তিও বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। সীমান্তের ওপার থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উসকানি দেওয়া হচ্ছে। কখনো ধর্ম, কখনো হরতাল, আবার কখনো অন্য নাম ব্যবহার করে এসব কর্মসূচি দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সেটা যাতে আমরা সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে রুখে দিতে পারি, সে জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। যে ঐক্যটা গঠিত হয়েছিল ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে, সেই ঐক্য আমাদের দরকার। পতিত ফ্যাসিবাদী গোষ্ঠীকে রুখতে গেলে, সমূলে উৎপাটন করতে গেলে এবং তাদের যেকোনো রকমের কর্মসূচি এখানে বাস্তবায়ন করতে না দেওয়ার জন্য সর্বাগ্রে প্রয়োজন জাতীয় ঐক্য।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কখনো পেটোয়া বাহিনীতে পরিণত করতে চায়নি, ভবিষ্যতেও চাইবে না। তবে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে আইনানুগ কঠোর ব্যবস্থা নিতে সরকার দ্বিধা করবে না। তিনি বলেন, বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আক্রান্ত হয়েছেন, কয়েকজনকে জীবনও দিতে হয়েছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আত্মরক্ষার অধিকার বা ‘রাইট অব প্রাইভেট ডিফেন্স’-এর আলোকে অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মানবাধিকারের সীমারেখার মধ্যে থেকেই অস্থিরতা ও নাশকতা সৃষ্টিকারীদের সব চক্রান্ত নস্যাৎ করে দেব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের রাইট অব প্রাইভেট ডিফেন্সের আলোকে অভিযান পরিচালনার সময় প্রয়োজনে যেকোনো পদক্ষেপ গ্রহণ করবে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পক্ষে তথ্য তুলে ধরে তিনি ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর এবং চলতি বছরের একই সময়ের বিভিন্ন সূচকের তুলনামূলক বিশ্লেষণ সংসদে উপস্থাপন করেন। তাঁর দাবি, এসব পরিসংখ্যান আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রমাণ। পরিস্থিতির আরো উন্নয়নে বিরোধী দলসহ সব রাজনৈতিক দল ও নাগরিকের সহযোগিতা চান তিনি।
সাম্প্রতিক শ্রমিক আন্দোলনের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমজীবী মানুষকে উসকে দিয়ে বিক্ষোভে রূপ দেওয়ার চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি ও তাদের দেশীয় সহযোগীরা। তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের পরও একটি মহল স্থানীয় ও জাতীয় শ্রমিক সংগঠনের নেতাদের সহায়তায় সীমান্তের ওপার থেকে অর্থ বিনিয়োগ করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এর সঙ্গে পতিত সরকারের পলাতক মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্পৃক্ততার প্রমাণ সরকারের হাতে রয়েছে বলে দাবি করেন তিনি। সংসদে প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের নেতারাও বিভিন্ন স্থানে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
২০০৪ সালে হোটেল শেরাটনের সামনে বাসে গানপাউডার দিয়ে আগুন দেওয়ার ঘটনার উল্লেখ করে তিনি বলেন, অগ্নিসংযোগ আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতির সঙ্গে জড়িত। সীমান্তের ওপার থেকে পলাতক নেত্রী অডিও কলে নেতাকর্মীদের জুলাই আন্দোলনকারীদের তালিকা তৈরি এবং তাঁদের বাড়িঘর ভেঙে দেওয়ার নির্দেশ দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
সুনামগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সভা করার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি কোন পথে সেখানে প্রবেশ করেছেন, তা নিয়ে বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। এ ঘটনায় মামলা হয়েছে। সভায় অংশ নেওয়া সাতজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারে যৌথ অভিযান চলছে।
দেশে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁদের গ্রেফতারে বিভিন্ন পর্যায়ে অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে। এ সময় মাদক ও মানব পাচার প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতার কথাও তুলে ধরেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, তা ভবিষ্যতের বাংলাদেশ গঠনে কাজে লাগাতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, দেশের মানুষকে আবার ফ্যাসিবাদীদের যন্ত্রণার মধ্যে ফেলে দেওয়া উচিত হবে না।
তবে শুধু সংসদে আলোচনা ও রাজনৈতিক বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, ‘আগামীতে আমরা এখানে বসে যা বলব, তারপর যেন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়, সেটাই আমরা দেখতে চাই।’
তিনি আরো বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যারা ফ্যাসিবাদী শক্তিকে আশকারা দেবে বা তাদের ফিরে আসার সুযোগ তৈরি করবে, তাদের বিষয়ে জনগণই বিচার করবে।
বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে বিতর্ক ও মতপার্থক্য থাকবে, তবে তা সংসদের ভেতরেই সীমাবদ্ধ থাকা উচিত। জাতীয় ঐক্যের প্রশ্নে বিরোধীদলীয় নেতার বক্তব্যকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সানা/আপ্র/১১/১১/২০২৬