পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় গত পাঁচ বছরে ৩০৮ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪৩৫ জন আহত হয়েছেন। একই সময়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় নিরাপত্তা বাহিনীর আট সদস্য নিহত ও ৫৫ জন আহত হয়েছেন। এ ছাড়া তিন জেলায় ২৯৭টি অপহরণ, ৪৭১টি চাঁদাবাজির ঘটনা এবং অবৈধ অস্ত্র ব্যবহারের ৩৭৭টি ঘটনার তথ্য সংসদে তুলে ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত এক প্রশ্নের জবাবে প্রতিরক্ষামন্ত্রীর পক্ষে এসব তথ্য জানান তিনি। মানিকগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী পাহাড়ের নিরাপত্তা পরিস্থিতি, সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা এবং সেগুলো দমনে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিবরণ দেন।
প্রশ্ন করতে গিয়ে জিন্নাহ কবীর বলেন, পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় অবৈধ অস্ত্রধারীরা সেনাবাহিনী ও সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে। সেখানে চাঁদাবাজি ও অবৈধ দখলের ঘটনাও ঘটছে। প্রতিবেশী দেশের উসকানিতে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গত পাঁচ বছরে কতটি সশস্ত্র হামলা হয়েছে এবং কতজন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য হতাহত হয়েছেন, তা জানতে চান তিনি।
একই সঙ্গে অবৈধ অস্ত্রধারী ও চাঁদাবাজদের দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে বিশেষ বাহিনী গঠন কিংবা বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে কি না, তা জানতে চান এই সংসদ সদস্য। দেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় সরকারের বিশেষ পদক্ষেপ সম্পর্কেও প্রশ্ন তোলেন তিনি।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত পাঁচ বছরে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪টি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর ৮১টি হামলার ঘটনা ঘটেছে। এ সময়ে তিন জেলায় ২৯৭টি অপহরণ, জোরপূর্বক চাঁদা আদায়ের ৪৭১টি ঘটনা এবং অবৈধ অস্ত্র ব্যবহারের ৩৭৭টি ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার ঘটনা ঘটেছে ৯৭টি। এসব ঘটনায় ৩০৮ জন বেসামরিক নাগরিক নিহত ও ৪৩৫ জন আহত হয়েছেন। এ ছাড়া নিরাপত্তা বাহিনীর আট সদস্য নিহত এবং ৫৫ জন আহত হয়েছেন।
সশস্ত্র গোষ্ঠী দমনে বিশেষ অভিযান: পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বন্ধে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, পার্বত্য অঞ্চলে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সন্ত্রাসীদের তৎপরতা দমনে সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে। সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও এসআরবির নিয়মিত টহল এবং গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে।
তিনি বলেন, পাহাড়ে অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণ করা হয়েছে। সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে অস্ত্র আইন ও দণ্ডবিধি অনুযায়ী মামলা করে অভিযুক্তদের আইনের আওতায় আনা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কেএনএফ, ইউপিডিএফ ও জেএসএসসহ বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুর্গম পাহাড়ি এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর গোপন আস্তানা ও প্রশিক্ষণ শিবির ধ্বংসে অভিযান চালানো হয়। প্রয়োজনে বিমানবাহিনীর সহযোগিতায় হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে।
স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসন পার্বত্য অঞ্চলের সব সম্প্রদায়ের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বলেও জানান তিনি।
চাঁদাবাজির অর্থের উৎসে নজরদারি: পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থায়ন বন্ধে নেওয়া পদক্ষেপ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদা আদায়ের উৎস ও অর্থনৈতিক খাত চিহ্নিত করে নজরদারি চালানো হচ্ছে। চাঁদাবাজি বন্ধে চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে। মোবাইল ব্যাংকিংসহ অন্যান্য আর্থিক লেনদেনের ওপর গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান ঠেকাতে বিজিবির সীমান্ত চৌকিগুলোর সক্ষমতা বাড়ানো হয়েছে। ভারতের মিজোরাম ও মিয়ানমার সীমান্তসংলগ্ন দুর্গম এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। অস্ত্র ও সামরিক পোশাক সরবরাহের সঙ্গে জড়িত সমতলের বিভিন্ন উৎস ও চক্র শনাক্ত করতে পুলিশ ও এসআরবি কাজ করছে।
তিনি আরো জানান, পাহাড়ে চলমান যৌথ অভিযানে বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর শত শত সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসব অভিযানে বিপুল পরিমাণ আধুনিক আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন, সামরিক পোশাক এবং ড্রোনের সংকেতসংক্রান্ত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে গ্রেফতার ব্যক্তির সংখ্যা কিংবা উদ্ধার করা অস্ত্রের সুনির্দিষ্ট পরিসংখ্যান তিনি সংসদে তুলে ধরেননি।
সাজেকের পরিস্থিতি এখন স্থিতিশীল: সম্পূরক প্রশ্নে পটুয়াখালী-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্রের উসকানি ও মদদে এসব গোষ্ঠী সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালাচ্ছে। এসব হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা হতাহত হয়েছেন। ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যথাযথ ও তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা জানতে চান তিনি।
পাহাড়ের সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে অত্যাধুনিক অস্ত্র থাকার বিষয়টিও তুলে ধরেন শফিকুল ইসলাম। তাঁর ভাষ্য, বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, কিছু এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে এমন অস্ত্র রয়েছে, যা সেখানে দায়িত্ব পালনকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের কাছেও নেই। এ অবস্থায় পাহাড়ে নিরাপত্তা বাহিনীর সক্ষমতা ও সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চান তিনি।
সাজেকসহ পার্বত্য চট্টগ্রামের পর্যটন খাতের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তাঁর অভিযোগ, পার্বত্য অঞ্চলের পর্যটন খাত ধ্বংস এবং ওই অঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতি পর্যটন মৌসুমের আগে সাজেক উপত্যকায় আধিপত্য বজায় রাখাকে কেন্দ্র করে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে বিরোধ দেখা দেয়। সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সমন্বয়ে পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলা করা হয়েছে। তিনি বলেন, “সাজেকের পরিস্থিতি এখন স্থিতিশীল।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিবৃতি দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী: সম্পূরক প্রশ্নে দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাব চান শফিকুল ইসলাম। তিনি বলেন, আগের দিন সংসদে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল, কয়েকটি গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যায় না। অথচ গণমাধ্যমে বহু গাড়িতে হামলার খবর এসেছে।
কত মানুষ হতাহত হলে কিংবা কতটি বোমা বিস্ফোরণ ও গাড়িতে হামলার ঘটনা ঘটলে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে স্বীকার করবে, সেই প্রশ্ন তোলেন তিনি।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষে প্রশ্নের উত্তর দিচ্ছেন। তাই সাজেকের পরিস্থিতি সম্পর্কে জবাব দিয়েছেন। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের উত্তর কার্যপ্রণালি বিধির ৩০০ বিধি অনুযায়ী দেওয়া বিবৃতিতে পাওয়া যাবে। প্রশ্নোত্তর পর্ব শেষে স্পিকারের অনুমতি পেলে এ বিষয়ে সংসদে বিবৃতি দেবেন বলেও জানান তিনি।
সানা/আপ্র/১১/১১/২০২৬