স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সমতা প্রতিষ্ঠা ও সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করতে চীনের রাজনৈতিক সদিচ্ছা বিশ্বজুড়ে দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেট-এর প্রধান সম্পাদক রিচার্ড হর্টন। তাঁর মতে, গত দুই দশকে সমন্বিত উদ্যোগ ও বিপুল বিনিয়োগের মাধ্যমে স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে দেশটি।
চায়না ডেইলিকে দেওয়া এক সাক্ষাৎকারে হর্টন বলেন, জনগণের সুরক্ষায় শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার গুরুত্ব উপলব্ধি করেছে চীন সরকার। গত এক দশকে শিক্ষা, আবাসন, কর্মসংস্থান, নিরাপদ পানীয় জল ও পুষ্টির মতো খাতের সঙ্গে স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রমের সমন্বয় ঘটানো হয়েছে।
ল্যানসেট প্রকাশিত বেইজিংয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত স্বাস্থ্যভিত্তিক দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় চীন প্রায় ৫ কোটি ৫৮ লাখ মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করেছে। এ কর্মসূচিতে ব্যয় হয়েছে ১ দশমিক ৪ ট্রিলিয়ন ইউয়ান, যা ২১০ বিলিয়ন ডলারের সমান। এ উদ্যোগের আওতায় চিকিৎসাযোগ্য ৩০টি জটিল রোগের চিকিৎসা গ্রহণের হার ৯৯ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে। একই সময়ে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের হার ৩৩ শতাংশ থেকে বেড়ে ৪৫ দশমিক ৪ শতাংশ হয়েছে।
হর্টন জানান, ‘হেলদি চায়না ২০৩০’ কর্মসূচি বাস্তবায়নে কেন্দ্রীয় সরকারের নীতির সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ ও উদ্যোগের সমন্বয় করা হয়েছে। তবে সাফল্যের পাশাপাশি দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগসহ বিভিন্ন অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে এখনো চ্যালেঞ্জ রয়েছে। দেশটিতে আনুমানিক ১০ কোটি মানুষ দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগে আক্রান্ত। তাঁদের অধিকাংশই নিজেদের অসুস্থতা সম্পর্কে জানেন না।
ল্যানসেট-এর প্রধান সম্পাদক মনে করেন, স্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞানে চীনের সাফল্য পশ্চিমা বিশ্বে দেশটি সম্পর্কে প্রচলিত ভুল ধারণা দূর করতেও ভূমিকা রাখতে পারে। তাঁর ভাষায়, স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে গত ২০ বছরে চীন কোটি কোটি মানুষের ভবিষ্যৎ সুরক্ষিত করেছে।
তিনি বলেন, নীতিনির্ধারণের কেন্দ্রে স্বাস্থ্যকে রাখার এ কৌশল শুধু চীনের জন্য নয়, বিশ্বের প্রতিটি দেশের জন্যই গুরুত্বপূর্ণ শিক্ষা। সূত্র: চায়না ডেইলি
সানা/ডিসি/আপ্র/১১/১১/২০২৬