গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক পদে নিয়োগ নিয়ে সুখবর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০১ পিএম, ২৬ আগস্ট ২০২৬ | আপডেট: ০৯:১৩ এএম ২০২৬
প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক পদে নিয়োগ নিয়ে সুখবর
ছবি

ছবি সংগৃহীত

দীর্ঘদিন আইনি জটিলতায় আটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজারের বেশি প্রধান শিক্ষক ‍শূন্যপদ। বিপুলসংখ্যক শূন্যপদ পূরণে অবশেষে সুখবর মিলেছে। এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী তিন মাসের মধ্যে এ কাজে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে।

জানা গেছে, সম্প্রতি মাঠপর্যায়ে গ্রেডেশন তালিকা তৈরির কাজ শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তালিকা যাচাই-বাছাই ও অভিযোগ নিষ্পত্তির পর তা মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পাঠানো হবে।

পিএসসির অনুমোদন পাওয়া গেলে সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতির প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। প্রক্রিয়াটি প্রায় তিন মাসের মধ্যে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক মীর আব্দুল আউয়াল আল মেহেদী বলেন, মামলার জটিলতা ছিল। সেই মামলার জটিলতা নিষ্পত্তি হয়েছে। এখন মাঠপর্যায়ে পদোন্নতির জন্য গ্রেডেশন তালিকা তৈরি করা হচ্ছে। বাকি কাজ শিগগির শেষ হবে।

পদোন্নতি আটকা ছিল যে মামলায়
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে শূন্যতা দীর্ঘদিনের। শূন্যপদ থাকলেও এসব পদে বড় পরিসরে পদোন্নতি দেওয়া যাচ্ছিল না। এর পেছনে ছিল জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জ্যেষ্ঠতা ও পদোন্নতি নিয়ে আইনি জটিলতা।

২০১৩ সালে সারাদেশে বিপুলসংখ্যক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। জাতীয়করণকৃত বিদ্যালয়ের শিক্ষকদের সরকারি চাকরিতে অন্তর্ভুক্ত করার পর তাদের চাকরিকাল, জ্যেষ্ঠতা এবং পদোন্নতি কীভাবে নির্ধারণ করা হবে, তা নিয়ে জটিলতা তৈরি হয়। এ সংক্রান্ত বিধিমালার জ্যেষ্ঠতা ও পদোন্নতির বিধান চ্যালেঞ্জ করে আদালতে মামলা হয়।

মামলার কারণে কারা জ্যেষ্ঠ হিসেবে বিবেচিত হবেন এবং সেই জ্যেষ্ঠতার ভিত্তিতে কারা প্রধান শিক্ষক পদে পদোন্নতির সুযোগ পাবেন, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। ফলে প্রধান শিক্ষক পদে পদোন্নতির প্রক্রিয়াও আটকে ছিল।

দীর্ঘ আইনি লড়াইয়ের পর চলতি বছরের ২ জুলাই আপিল বিভাগ জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জ্যেষ্ঠতা ও পদোন্নতি সংক্রান্ত বিধানের বিষয়ে রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর করেন। এর ফলে আগে হাইকোর্টের দেওয়া রায়ের কারণে তৈরি হওয়া আইনি জটিলতার অবসান হয় এবং প্রধান শিক্ষক পদে পদোন্নতির পথ খুলে যায়।

রায় হলেও সরাসরি পদোন্নতি নয়
আদালতের রায় হওয়ার পরও সরাসরি প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হচ্ছে না। প্রথমে জ্যেষ্ঠতার ভিত্তিতে গ্রেডেশন তালিকা তৈরি হবে। এরপর তালিকা নিয়ে কারও আপত্তি বা অভিযোগ থাকলে তা নিষ্পত্তির সুযোগ থাকবে।

অভিযোগ না থাকলে তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আসবে। গ্রেডেশন তালিকা হাতে পাওয়ার পর পরবর্তী ধাপে মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পাঠানো হবে।

পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক মীর আব্দুল আউয়াল আল মেহেদী বলেন, গ্রেডেশন তালিকা আমরা অনলাইনে উন্মুক্ত করে দিয়েছি। এখন বিভিন্ন ইউনিটে এটি প্রস্তুত করা হচ্ছে। তালিকা তৈরির পর একটি নোটিশ দেওয়া হবে।

তিনি বলেন, ৩০ কর্মদিবস সময় দেওয়া হবে। এ সময়ের মধ্যে কোনো অভিযোগ না এলে তালিকাটি আমাদের কাছে পাঠানো হবে। এরপর আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি পিএসসিতে পাঠাবো। সেখান থেকে অনুমোদন পাওয়া গেলে প্রধান শিক্ষকের পদে পদোন্নতির প্রক্রিয়া এগিয়ে নেওয়া যাবে।

৮০ শতাংশ পদোন্নতি, ২০ শতাংশ সরাসরি নিয়োগ
প্রধান শিক্ষক পদ পূরণের ক্ষেত্রে বর্তমান নিয়োগবিধিতে পদোন্নতির ক্ষেত্রেই বড় অংশ রাখা হয়েছে। ২০২৫ সালের সংশোধিত নিয়োগবিধি অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের ৮০ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে এবং ২০ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করার বিধান করা হয়েছে।

পদোন্নতির ক্ষেত্রে সহকারী শিক্ষক পদে অন্তত ১২ বছরের চাকরির অভিজ্ঞতাসহ নির্দিষ্ট যোগ্যতা পূরণের শর্ত রয়েছে। বর্তমানে যে ৩২ হাজারের বেশি প্রধান শিক্ষক পদ শূন্য, তা পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কর্মরত সহকারী শিক্ষকদের পদোন্নতি দেওয়া হবে।

এসি/আপ্র/২৬/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

১৮ সেপ্টেম্বরের মধ্যে এমপিও বিল জমার নির্দেশ
১৪ সেপ্টেম্বর ২০২৬

১৮ সেপ্টেম্বরের মধ্যে এমপিও বিল জমার নির্দেশ

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের এমপিওর টাকা ইএফটির মাধ্যমে পাঠাতে আগামী ১৮ স...

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা
১৩ সেপ্টেম্বর ২০২৬

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনতে যাচ্ছে সরকার। ২০২৭ শিক...

বাংলা-ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ
১২ সেপ্টেম্বর ২০২৬

বাংলা-ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ

দেশের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে প্রয়োজনীয় সামঞ্জস...

শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন বাস্তবায়নে মাঠে শিক্ষা প্রশাসন
১২ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন বাস্তবায়নে মাঠে শিক্ষা প্রশাসন

শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে মানসম্মত পাঠদান নিশ্চিত করা এবং শিক্ষাঙ্গনে রাজনীতিমুক্ত পরিবেশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই