মাহফুজ আলম সোহাগ, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১০ জানুয়ারি শুরু হয়ে ২১ জানুয়ারি পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার ছাড়া অন্যান্য কর্মদিবসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার উপ-রেজিস্ট্রার আলী রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
আলী রেজা বলেন, ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে বুধবার প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন ভর্তি পরীক্ষা আয়োজন নিয়ে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১০ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত শুক্র ও শনিবার ছাড়া অন্যান্য কর্মদিবসে পরীক্ষা নেওয়া হবে।
তিনি আরো বলেন, বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে আগে একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত হয়েছিল। তবে এ বছর বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নেওয়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার ফি ও ইউনিট বিন্যাসের বিষয়ে উপ-রেজিস্ট্রার বলেন, পরীক্ষার ফি নিয়ে সভায় আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী সভায় নেওয়া হবে। ভর্তি পরীক্ষার ফলাফলসংক্রান্ত পর্যবেক্ষণও এখনো বাকি রয়েছে। ফলে এ মুহূর্তে ফি পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।
তিনি জানান, এ বছর ভর্তি পরীক্ষার ইউনিট বিন্যাস গত বছরের মতোই থাকবে। তবে আইন বিভাগ এবার সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ভর্তি পরীক্ষায় অংশ নেবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।
সানা/আপ্র/২৮/১০/২০২৬