ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। প্রায় ২৮ বছরের অভিনয়জীবনে মানুষের কাছে রোমান্টিক নায়িকা হিসেবেই পরিচিত পেয়েছেন। সমসাময়িক প্রায় সব শীর্ষ নায়কের বিপরীতে অভিনয় করে তিনি ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা হয়ে ওঠেন। সফল এই নায়িকা এবার কথা বলেছেন জীবনের উত্থান-পতন নিয়ে।
বর্তমানে সেভাবে অভিনয়ে দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় পূর্ণিমা। নিজের ব্যক্তিগত জীবন ও বিভিন্ন মুহূর্তের ছবি নিয়মিত ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করে জীবন নিয়ে ভাবনার কথা জানিয়েছেন পূর্ণিমা। সেখানে তিনি লেখেন, ‘জীবনে উত্থান-পতন আসবেই।
তবে নিজের ভেতরের ঝড়গুলো কখনোই তোমার বয়ে চলা আলোর থেকে বেশি উজ্জ্বল হতে দিও না।’ পূর্ণিমার এই বক্তব্যে জীবনের প্রতিকূলতার মধ্যেও ইতিবাচকতা ধরে রাখার আহ্বান উঠে এসেছে। অভিনেত্রীর এই পোস্টে ভক্ত-অনুরাগীরাও প্রতিক্রিয়া জানিয়েছেন। মন্তব্যের ঘরে অনেকে তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন এবং নিজেদের মতামত তুলে ধরেছেন।
প্রসঙ্গত, মাত্র ১৫ বছর বয়সে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন পূর্ণিমা। ১৯৯৮ সালের ১৫ মে মুক্তি পাওয়া জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমায় রিয়াজের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার।
প্রথম সিনেমাতেই দর্শকের নজর কাড়েন তিনি। ক্যারিয়ারে একে একে ‘যোদ্ধা’, ‘সন্তান যখন শত্রু’, ‘সুলতান’, ‘পিতা-মাতার আমানত’, ‘হৃদয়ের কথা’, ‘বিয়ের প্রস্তাব’, ‘লোভে পাপ পাপে মৃত্যু’, ‘শাস্তি’, ‘সুভা’, ‘মনের মাঝে তুমি’, ‘বাঁধা’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’সহ বেশ কয়েকটি ব্যবসাসফল ও জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন পূর্ণিমা।
কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন তিনি। অভিনয়ে এখন আগের মতো নিয়মিত না হলেও বিনোদন অঙ্গন থেকে নিজেকে দূরে সরিয়ে নেননি পূর্ণিমা। তার অভিনীত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ দীর্ঘদিন ধরে মুক্তির অপেক্ষায় রয়েছে। সর্বশেষ তাকে দেখা গেছে ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ চলচ্চিত্রে।
ডিসি/আপ্র/১৬/০৯/২০২৬