গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সাইবার অপরাধ দমনে বাড়ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ০৯:১৯ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:৪৯ এএম ২০২৬
সাইবার অপরাধ দমনে বাড়ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব
ছবি

ছবি সংগৃহীত

সাইবার অপরাধ দমনে পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা ও দক্ষতা বাড়াতে ডিজিটাল ফরেনসিক ল্যাব ও সাইবার ল্যাবের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে আগামী অক্টোবর ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও ডিজিটাল ফরেনসিক ল্যাব ও সাইবার ল্যাব উদ্বোধনের কথা রয়েছে।

কম্পিউটার, মুঠোফোন, ইন্টারনেটসহ বিভিন্ন ডিজিটাল যন্ত্র ও নেটওয়ার্ক ব্যবহার করে প্রতারণা এবং অন্যান্য অপরাধ কঠোরভাবে দমনে পুলিশ বাহিনীর জন্য একটি পূর্ণাঙ্গ ও বিশেষায়িত সাইবার নিরাপত্তা ইউনিট গঠন এবং প্রয়োজনীয় অবকাঠামো তৈরির কাজ চলছে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ জানিয়েছে, বিশেষায়িত সাইবার নিরাপত্তা ইউনিট গঠনের জন্য চলতি বছরের ২১ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি হয়েছে। পাশাপাশি সাইবার অপরাধ দমনে বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে।

এ ছাড়া সাইবার নিরাপত্তা ও অপরাধ দমনে প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময় এবং উন্নত ল্যাব পরিদর্শনের জন্য বাংলাদেশ ও চীনের মধ্যে যৌথ উদ্যোগ ও দ্বিপক্ষীয় আলোচনা চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রশিক্ষণে বাড়ছে পুলিশের সক্ষমতা

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ জানান, সাইবার জালিয়াতি, হ্যাকিং ও অনলাইন হয়রানি–সংক্রান্ত যেসব মামলা অপরাধ তদন্ত বিভাগে আসে, সেগুলো পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, সাইবার অপরাধ তদন্তে নিয়োজিত কর্মকর্তাদের প্রশিক্ষণে সাইবার প্রশিক্ষণ কেন্দ্র, ফরেনসিক প্রশিক্ষণ ইনস্টিটিউট ও গোয়েন্দা প্রশিক্ষণ বিদ্যালয়ের চলমান প্রশিক্ষণ কর্মসূচিতে নতুন নতুন বিষয় যুক্ত করা হচ্ছে। পাশাপাশি পুলিশ সদর দপ্তরের উদ্যোগে দেশব্যাপী সাইবার প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম চালু হয়েছে, যেখানে অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তারাও অংশ নিচ্ছেন।

অপরাধ তদন্ত বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে সাইবার অপরাধসংক্রান্ত সাধারণ নিবন্ধনভুক্ত ৩২টি এবং নালিশি ১৫৯টিসহ মোট ১৯১টি মামলা হয়েছে। এ সময়ে সাইবার অপরাধের ঘটনায় ১০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

হ্যাকিং ও ভুয়া লিংকে প্রতারণা

পুলিশের তথ্য অনুযায়ী, সাইবার অপরাধীরা হ্যাকিংয়ের মাধ্যমে অনুমতি ছাড়া অন্যের সামাজিক যোগাযোগমাধ্যম, ই–মেইল কিংবা ব্যাংক হিসাবে প্রবেশ করে প্রতারণা করছে। এ ছাড়া ভুয়া লিংক বা ওয়েবসাইট তৈরি করে ব্যবহারকারীর গোপন পাসওয়ার্ড ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে।

অন্যের পরিচয় কিংবা জাতীয় পরিচয়পত্রের তথ্য জালিয়াতি করেও প্রতারণা করা হচ্ছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেটে ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল এবং মানহানির ঘটনাও ঘটছে।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, সাইবার অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। যেকোনো অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

৩৩২ কর্মকর্তাকে দেওয়া হয়েছে প্রশিক্ষণ

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ইন্টারনেটের অপব্যবহার, অনলাইন প্রতারণা ও আর্থিক জালিয়াতি বাড়ার প্রেক্ষাপটে পুলিশ বাহিনীর প্রাতিষ্ঠানিক ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর অংশ হিসেবে মিরপুরে পুলিশ স্টাফ কলেজে সাইবার অপরাধের মামলা তদন্ত বিষয়ে ১০ দিনের বিশেষ প্রশিক্ষকদের প্রশিক্ষণ কোর্স শুরু হয়। পর্যায়ক্রমে ৩৩২ জন পুলিশ কর্মকর্তাকে এতে প্রশিক্ষণ দেওয়া হয়। পরবর্তী সময়ে তাঁরা মাঠপর্যায়ের তদন্তকারীদের প্রশিক্ষণ দেবেন।

পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির বিশেষায়িত এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।

বাড়ছে সাইবার ল্যাব

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, সাইবার অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

তিনি বলেন, পুলিশের গোয়েন্দা শাখায় একটি সাইবার ল্যাব রয়েছে। এ ছাড়া কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমে একটি ফরেনসিক ল্যাব চালুর অনুমোদন হয়েছে। ডিজিটাল মামলা তদন্তে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সাইবার অপরাধে রমনা বিভাগে ৮৮টি মামলা হয়েছে এবং ১৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। লালবাগ বিভাগে ২২টি মামলায় ২৩ জন, ওয়ারী বিভাগে ১২টি মামলায় ২৪ জন, মতিঝিল বিভাগে ৩৩টি মামলায় ৪৯ জন, তেজগাঁও বিভাগে ৫৩টি মামলায় ৪৯ জন, মিরপুর বিভাগে ৩৩টি মামলায় ২৭ জন, গুলশান বিভাগে ৩৮টি মামলায় ৩৭ জন এবং উত্তরা বিভাগে ২৬টি মামলায় ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারেও নতুন প্রতারণা

পুলিশ জানায়, মাঠপর্যায়ে সাধারণ মানুষকে অনলাইন ব্ল্যাকমেইল, ভুয়া লিংক ও আর্থিক প্রতারণা সম্পর্কে সচেতন করতে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে।

তাদের তথ্য অনুযায়ী, দেশে সাইবার অপরাধের মাত্রা দিন দিন বাড়ছে। বিশেষ করে হ্যাকিং, আর্থিক প্রতারণা এবং নারী ও শিশুদের লক্ষ্য করে সংঘটিত অপরাধের প্রবণতা বেশি।

সামাজিক যোগাযোগমাধ্যম ও বার্তা আদান–প্রদানের বিভিন্ন মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কণ্ঠ বা ভিডিও নকল করে পরিচিত ব্যক্তির পরিচয় ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার নতুন চক্রও সক্রিয় রয়েছে।

পুলিশের ভাষ্য, বর্তমানে চুরির তুলনায় সাইবার অপরাধ বা ডিজিটাল জালিয়াতি আশঙ্কাজনকভাবে বাড়ছে। তাই এসব অপরাধ থেকে মানুষকে সুরক্ষিত রাখতে সচেতনতা বাড়ানো জরুরি।

এসি/আপ্র/৩০/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কৃত্রিম বুদ্ধিমত্তাসহ পাঁচ নতুন সুবিধা গুগল ফটোসে
২৯ সেপ্টেম্বর ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তাসহ পাঁচ নতুন সুবিধা গুগল ফটোসে

ছবি সংরক্ষণ, খুঁজে বের করা ও সম্পাদনার কাজ আরো সহজ করতে গুগল ফটোসে যুক্ত হচ্ছে পাঁচটি নতুন সুবিধা। ক...

নিরাপত্তা পরীক্ষায় উদ্বেগ, নতুন কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল প্রকাশ স্থগিত
২৯ সেপ্টেম্বর ২০২৬

নিরাপত্তা পরীক্ষায় উদ্বেগ, নতুন কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল প্রকাশ স্থগিত

নিরাপত্তা পরীক্ষায় উদ্বেগজনক আচরণ শনাক্ত হওয়ায় নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল প্রকাশের পরিকল্পন...

এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
২৮ সেপ্টেম্বর ২০২৬

এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে য...

দেশের বাজারে হেলিওর নতুন স্মার্টফোন হেলিও ১১০
২৫ সেপ্টেম্বর ২০২৬

দেশের বাজারে হেলিওর নতুন স্মার্টফোন হেলিও ১১০

দেশের বাজারে হেলিও মোবাইলের নতুন স্মার্টফোন হেলিও ১১০ এসেছে। ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৬৭ ইঞ্চির থ্রিডি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই