ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুই অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। একই দিন হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে আরো এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ভাষ্য, মৃতদের বেশিরভাগই ‘ভবঘুরে প্রকৃতির’।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে আনুমানিক ৪০ বছর বয়সি এক ব্যক্তি এবং দুপুরে প্রায় ৬০ বছর বয়সি আরেক ব্যক্তির মৃত্যু হয়। তাঁদের পরিচয় এখনো জানা যায়নি।
গত ২৬ সেপ্টেম্বর দুপুরে তেজগাঁওয়ের নাক কান গলা ইনস্টিটিউটের সামনের ফুটপাত থেকে অচেতন অবস্থায় প্রায় ৪০ বছর বয়সি ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছিল। স্বেচ্ছাসেবক রকিবুল ইসলাম জানান, পথচারীরা তাঁকে ফুটপাতে পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে ফোন করেন। সাড়া না পেয়ে তাঁকে জানানো হলে তিনি অচেতন ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। তিন দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোরে তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে, প্রায় ৬০ বছর বয়সি ব্যক্তিকে মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেলের নতুন ভবনে চিকিৎসকের ক্যান্টিনের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। হাসপাতালের ওয়ার্ড বয় সাগর জানান, সকাল ১১টার দিকে তাঁকে উদ্ধার করে মেডিসিন ট্রায়াজ বিভাগে নেওয়া হয়। দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। তাঁর বাম হাতের কব্জিতে সেলাইয়ের চিহ্ন ছিল বলেও জানান তিনি।
পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, দুই ব্যক্তির মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে থেকে আনুমানিক ৫০ বছর বয়সি আরো এক ব্যক্তিকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁরও পরিচয় জানতে পারেনি পুলিশ।
ঢাকা মেডিকেল এলাকা ও আশপাশে মাঝেমধ্যেই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনা ঘটে। এসব ঘটনায় পুলিশ প্রায়ই মৃত ব্যক্তিদের ‘ভবঘুরে প্রকৃতির’ বলে উল্লেখ করে এবং অসুস্থতাজনিত কারণে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানায়।
এর আগে ২৩ সেপ্টেম্বর ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে থেকে আনুমানিক ৬০ বছর বয়সি একজনের লাশ উদ্ধার করা হয়। একই দিন পাশের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে থেকে ৭০ বছর বয়সি আরেক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
১৪ সেপ্টেম্বর জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছিল। স্থানীয় লোকজনের বরাতে পুলিশ জানিয়েছিল, ওই ব্যক্তি ‘মাদকাসক্ত ও ভবঘুরে’ ছিলেন।
এ ছাড়া ১৩ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে আনুমানিক ৩০ বছর বয়সি এক নারীর লাশ উদ্ধার করা হয়। তাঁরও পরিচয় জানা যায়নি। এর আগের দিন ১২ জুলাই ঢাকা মেডিকেল ও পাশের আনন্দবাজার এলাকা থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পুলিশ তখন তাঁদের সবাইকে ‘ভবঘুরে’ বলে জানিয়েছিল।
সানা/আপ্র/২৯/৯/২০২৬