বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখায় চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মিন্টু রোডে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানের বাসভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রদূতের প্রতি এ কৃতজ্ঞতা প্রকাশ করা হয় বলে দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জামায়াতের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দলটির আমির ও নেতৃবৃন্দ চীনের বিদায়ী রাষ্ট্রদূতের প্রশংসা করেন। জুলাই আন্দোলন-পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের সময়ে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক সংলাপের পরিবেশ তৈরিতে রাষ্ট্রদূতের ভূমিকার জন্য তাঁকে কৃতজ্ঞতা জানানো হয়।
বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আগামী দিনে দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে উভয় পক্ষ আশা প্রকাশ করে।
পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা, উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরো বেগবান করতে দুই দেশ একযোগে কাজ করবে বলেও আশা প্রকাশ করা হয়।
রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউয়িন, কালচারাল কাউন্সেলর লি শাওপেং, অ্যাটাশে লিয়াং শুয়িং এবং রাজনৈতিক বিষয়ক অ্যাটাশে ওয়াং ডাউয়েই।
জামায়াতের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল।
সানা/ডিসি/আপ্র/২৯/৯/২০২৬