গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নিউইয়র্কের আটককেন্দ্রে আট মাস, মাদুরোর প্রথম ছবি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৩ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:৩৪ এএম ২০২৬
নিউইয়র্কের আটককেন্দ্রে আট মাস, মাদুরোর প্রথম ছবি
ছবি

নিউ ইয়র্কের ব্রুকলিনের একটি আটককেন্দ্র থেকে শান্তির প্রতীক হিসেবে আঙুল উঁচিয়ে দেখাচ্ছেন ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো -ছবি নিকোলাস মাদুরোর এক্স

মার্কিন সামরিক অভিযানে আটক হয়ে যুক্তরাষ্ট্রের আটককেন্দ্রে বন্দি থাকার আট মাস পর ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রথম ছবি প্রকাশ্যে এসেছে। জানুয়ারিতে রাজধানী কারাকাস থেকে মার্কিন বাহিনী তাকে আটক করে নিয়ে যাওয়ার পর এই প্রথম কারাবন্দি অবস্থায় তার ছবি দেখা গেল।

রয়টার্স জানিয়েছে, মাদুরোর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে প্রকাশিত ছবিগুলোতে তাকে নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে দেখা যায়।

ছবিতে ধূসর রঙের পোশাক ও সাদা জুতা পরে একটি সাধারণ দেয়ালের সামনে দাঁড়িয়ে আছেন মাদুরো। তাকে আগের তুলনায় বেশ কৃশ দেখাচ্ছে। একটি ছবিতে তিনি শান্তির প্রতীক হিসেবে আঙুল উঁচিয়ে রেখেছেন।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পরিবার ও সমর্থকদের জন্য আশার বার্তা হিসেবেই ছবিগুলো প্রকাশ করেছেন মাদুরো। তিনি জানিয়েছেন, তিনি ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস এখনো ‘দৃঢ়, শান্ত ও আত্মবিশ্বাসী’ রয়েছেন এবং ভেনেজুয়েলা আবার ঘুরে দাঁড়াবে।

এক বার্তায় মাদুরো লেখেন, ‘আমাদের ভালোবাসেন এমন সব মহান মানুষ, আমার নাতি-নাতনি ও আদরের ছোটদের জন্য আশার আলো হিসেবে এই ছবিগুলো পাঠালাম।’

তিনি আরো বলেন, ‘আপনারা জেনে রাখুন, আমরা এখনো ভেঙে পড়িনি। আপনাদের ভালোবাসাকে বুকে ধারণ করেই শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। আপনাদের সেই ভালোবাসাই এখানে আমাদের প্রার্থনা, একতা ও লড়াই চালিয়ে যাওয়ার সাহস জোগাচ্ছে।’

মাদুরো আরো লেখেন, ‘আনন্দ ও আশার সঙ্গে এই ক্ষুদ্র উপহারটি গ্রহণ করুন। সিলিয়া ও আমি ঈশ্বরের প্রতি অবিচল বিশ্বাস রেখে চিরকাল আপনাদের পাশে আছি।’

মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও একই ধরনের মাদক পাচারের অভিযোগে নিউইয়র্কে বন্দি রয়েছেন।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো রোববার সকালে প্রকাশ করা হলেও ছবিতে থাকা সময়ের সংকেত অনুযায়ী, সেগুলো গত ২৫ জুন তোলা হয়েছিল। এর আগের দিন ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে দুটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। ওই প্রাকৃতিক দুর্যোগে সাড়ে ৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার সঙ্গে একটি ঐতিহাসিক সমঝোতার কথা জানানোর দুই দিন পর মাদুরোর ছবিগুলো প্রকাশ্যে এল। ওই সমঝোতা অনুযায়ী, ভেনেজুয়েলা তার তেলের মজুদের ৬ হাজার ৫০০ কোটি ব্যারেলের অধিকাংশ নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রকে দিতে সম্মত হয়েছে।

ফক্স নিউজের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে থাকায় ভেনেজুয়েলার এই তেল চুক্তি মার্কিন জ্বালানি বাজারের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

মে মাসে স্প্যানিশ সংবাদপত্র এল পাইসকে দেওয়া এক সাক্ষাৎকারে মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গেরা জানিয়েছিলেন, তার বাবা কারাগারে বেশিরভাগ সময় বাইবেল পড়ে কাটাচ্ছেন। মাসে তিনি বাইরে যোগাযোগের জন্য ৫১০ মিনিট বা সাড়ে আট ঘণ্টা সময় পান বলেও জানিয়েছিলেন তিনি।

মাদুরো ও তার স্ত্রী সিলিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কোকেন পাচারের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। তবে দুজনই নিজেদের নির্দোষ দাবি করেছেন। দোষী সাব্যস্ত হলে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

নিউইয়র্কের আদালতে তাদের বিচার ২০২৭ সালের জুনে শুরু হওয়ার কথা রয়েছে।
সানা/ডিসি/আপ্র/১/৯/২০২৬ 
 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই