গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

চলন্ত গাড়িতে ৫০০ মিটার ঝুলে পৌনে চার কোটি টাকার স্বর্ণ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪২ পিএম, ০৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:২২ এএম ২০২৬
চলন্ত গাড়িতে ৫০০ মিটার ঝুলে পৌনে চার কোটি টাকার স্বর্ণ উদ্ধার
ছবি

গাড়ির সিট কভারের নিচে লুকিয়ে রাখা ২.৯ কেজি চোরাই স্বর্ণ ও দুটি গাড়ি জব্দ করা হয় -ছবি ইন্ডিয়ান এক্সপ্রেস

ভারতের গুজরাটের আহমেদাবাদের কাছে ভিরামগামে চোরাই স্বর্ণ নিয়ে পালানোর সময় চার দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৩ কোটি ৭৫ লাখ রুপি মূল্যের ২ দশমিক ৯ কেজি চোরাই স্বর্ণের গয়না উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় চলন্ত গাড়ির দরজা আঁকড়ে প্রায় ৫০০ মিটার ঝুলে থেকেও গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে সেটি থামান পুলিশ ইন্সপেক্টর এস এ গাধভি।

আহমেদাবাদ গ্রামীণ পুলিশের সুপারিন্টেন্ডেন্ট ওম প্রকাশ জাট জানান, নাদিয়াদ রেলওয়ে স্টেশনে এক যাত্রীর কাছ থেকে স্বর্ণের গয়না ছিনতাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে স্বর্ণ উদ্ধার করা হয়।

ঘটনার সূত্রপাত গত শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে। হাওড়া-আহমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস থেকে নাদিয়াদ রেলওয়ে স্টেশনে নামেন ভরত কারসান চৌধুরী। এ সময় এক দুষ্কৃতকারী তার ৩ কোটি ৭৫ লাখ রুপি মূল্যের স্বর্ণের গয়না থাকা সবুজ ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ভরত ধাওয়া করলেও দুষ্কৃতকারী একটি টাটা টিয়াগো গাড়িতে উঠে পালিয়ে যায়। তবে পালানোর সময় গাড়িটির একটি ছবি তুলে তিনি সরকারি রেলওয়ে পুলিশকে দেন।

সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে খবর পেয়ে আহমেদাবাদ গ্রামীণ পুলিশ বিশেষ দল নিয়ে তদন্ত শুরু করে। গাড়িটির গতিপথ অনুসরণ করে পুলিশ দেখতে পায়, টাটা টিয়াগোর সঙ্গে একটি নম্বরবিহীন মারুতি ব্যালেনিও গাড়ি রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য পথগুলো চিহ্নিত করে স্থানীয় অপরাধ শাখা ও ভিরামগাম টাউন পুলিশ দ্রুত বিভিন্ন তল্লাশিচৌকি সক্রিয় করে।

ভিরামগামের কাছে ভারী ট্রাক ব্যবহার করে ব্যালেনিও গাড়িটি আটকে একজনকে গ্রেফতার করা হয়। এরপর আটক ব্যক্তির মোবাইল ফোন ব্যবহার করে টাটা টিয়াগোতে থাকা অন্য আসামিদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে লাইভ অবস্থান পাঠাতে বলা হয়। পুলিশ যে বার্তা পাঠাচ্ছে, তা বুঝতে না পেরে দুষ্কৃতকারীরা লাইভ অবস্থান শেয়ার করে ফেলে।

নির্ধারিত স্থানে পুলিশ ব্যারিকেড দিলে টাটা টিয়াগো গাড়িটি ইন্সপেক্টর গাধভির গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এতে গাধভির গাড়ির চালকের দিকের দরজা আটকে যায়। ওই সুযোগে পালিয়ে যাওয়ার জন্য চালক গাড়িটি পেছনের দিকে নিতে শুরু করেন।

ইন্সপেক্টর গাধভি তখন গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে ছুটে গিয়ে চলন্ত টাটা টিয়াগোর দরজা আঁকড়ে ধরেন। চালক গতি বাড়িয়ে দিলে তাকে প্রায় ৫০০ মিটার টেনে নিয়ে যায় গাড়িটি। কিন্তু অসাধারণ সাহস ও দৃঢ়তা দেখিয়ে গাধভি গাড়ির দরজা খুলতে সক্ষম হন। এরপর স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ নিয়ে হ্যান্ডব্রেক টেনে গাড়িটি থামিয়ে দেন তিনি।

পুলিশের অন্য সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে থাকা তিন আসামিকে কাবু করেন। এ সময় একজন পাশের মাঠ দিয়ে পালানোর চেষ্টা করলেও চিরুনি অভিযান চালিয়ে তাকেও গ্রেফতার করা হয়।

পরে চার আসামিকে হেফাজতে নিয়ে ব্যালেনিও গাড়ির সিটের কভারের নিচে লুকিয়ে রাখা ২ দশমিক ৯ কেজি চোরাই স্বর্ণ এবং দুটি গাড়ি জব্দ করা হয়। চার অভিযুক্তকেই পরে নাদিয়াদ সরকারি রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
সানা/ডিসি/আপ্র/৫/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ
০৫ অক্টোবর ২০২৬

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদের উদ্দেশে লংমার্চ শুরু করেছেন তাঁ...

প্লেগে গবেষকের মৃত্যু, কোয়ারেন্টিনে দুই শতাধিক
০৫ অক্টোবর ২০২৬

প্লেগে গবেষকের মৃত্যু, কোয়ারেন্টিনে দুই শতাধিক

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ইরকুতস্ক শহরে প্লেগে ২৮ বছর বয়সী এক গবেষণাগার টেকনিশিয়ানের মৃত্যুর পর অন্ত...

চীনের বৃহত্তম উভচর বিমানের সফল অগ্নিনির্বাপণ অভিযান
০৫ অক্টোবর ২০২৬

চীনের বৃহত্তম উভচর বিমানের সফল অগ্নিনির্বাপণ অভিযান

চার মাসব্যাপী জরুরি অগ্নিনির্বাপণ ও বন সুরক্ষা অভিযান সফলভাবে সম্পন্ন করেছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি...

মাস্কের প্রেমের সমাপ্তি হৃদয়হীনতায়, বললেন সাবেক প্রেমিকা
০৫ অক্টোবর ২০২৬

মাস্কের প্রেমের সমাপ্তি হৃদয়হীনতায়, বললেন সাবেক প্রেমিকা

বিশ্বের শীর্ষ ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সর্বশেষ প্রেমের সম্পর্কের আকস্মিক সমাপ্তির ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে