গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘আই হ্যাভ আ প্ল্যান’ অঙ্গীকারে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:২৫ পিএম, ১৮ জুলাই ২০২৬ | আপডেট: ২১:৪০ এএম ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ অঙ্গীকারে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম
ছবি

লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়ে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথ নিশ্চিত করেছেন অ্যান্ডি বার্নহ্যাম -ছবি রয়টার্স

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়ে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথ নিশ্চিত করেছেন অ্যান্ডি বার্নহ্যাম। শুক্রবার (১৭ জুলাই) বিশেষ দলীয় সম্মেলনে নেতৃত্ব পাওয়ার পর তিনি বলেন, ‘আমার একটি পরিকল্পনা আছে।’ তাঁর ভাষায়, সেই পরিকল্পনার লক্ষ্য রাজনীতির প্রতি মানুষের হারিয়ে যাওয়া আস্থা ফিরিয়ে আনা, দেশকে ঐক্যবদ্ধ করা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর সরকার গঠন।

পরিকল্পনা অনুযায়ী, আগামী সোমবার বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাজা তৃতীয় চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এরপর রাজা বার্নহ্যামকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। সেই আমন্ত্রণ গ্রহণের পর তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন এবং ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে নতুন মন্ত্রিসভা নিয়ে যাত্রা শুরু করবেন।

দায়িত্ব গ্রহণের আগেই নতুন মন্ত্রিসভার সদস্যদের চূড়ান্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন বার্নহ্যাম। সোমবারই তিনি নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।

দলের নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণে বার্নহ্যাম বলেন, ২৫ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা তাঁকে দেশের মানুষের প্রত্যাশা ও প্রয়োজন সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছে। তাঁর মতে, নেতৃত্ব মানে শুধু ক্ষমতায় আসা নয়; বরং মানুষের সমস্যা সমাধানে বাস্তবসম্মত পরিকল্পনা বাস্তবায়ন করা।

তিনি বলেন, তাঁর সরকার মানুষের রাজনীতির ওপর আস্থা ফিরিয়ে আনবে এবং দৈনন্দিন জীবনের সমস্যার সমাধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। প্রধানমন্ত্রী হলেও তিনি নিজেকে বদলে ফেলবেন না; সাধারণ মানুষের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতেই নীতি নির্ধারণ করবেন এবং জনগণের কাছাকাছি থেকেই নেতৃত্ব দেবেন।

নিজের অতীতের সীমাবদ্ধতার কথাও স্বীকার করেন বার্নহ্যাম। তিনি বলেন, *‘আমি হয়তো সব সময় সবকিছু ঠিক করতে পারিনি। যেখানে আমার ঘাটতি ছিল, সেজন্য আমি দুঃখিত। তবে আমি সব সময় আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি।’* তিনি আরো বলেন, সময়ের সঙ্গে ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে আরো দক্ষ করে তুলেছেন এবং ভবিষ্যতেও সেই অভিজ্ঞতাকে কাজে লাগাবেন।

ভাষণের শেষ অংশে তিনি দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, ‘আমি জানি আমি কী বিশ্বাস করি এবং কী করতে চাই। আমার একটি পরিকল্পনা আছে। আমি আপনাদের সবার ওপর বিশ্বাস রাখি এবং আমি আত্মবিশ্বাসী যে আমরা এটি করতে পারব।’

নতুন নেতা হিসেবে বার্নহ্যাম পাঁচটি প্রধান অঙ্গীকার তুলে ধরেন। প্রথমত, লেবার পার্টির অভ্যন্তরীণ বিভক্তি ও কোন্দল দূর করে ঐক্যবদ্ধ দল গড়ে তোলা। তাঁর মতে, বিভক্ত দল কখনোই ডানপন্থি শক্তির চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে না।

দ্বিতীয়ত, তিনি নতুন ধারার রাজনীতির প্রতিশ্রুতি দিয়ে বলেন, জনগণ পরিবর্তন চায়। লেবার পার্টিকে আবারও শ্রমজীবী মানুষের দল হিসেবে প্রতিষ্ঠা করা হবে। জনসেবা উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার এবং অর্থনৈতিক বৈষম্য কমানো তাঁর সরকারের অন্যতম অগ্রাধিকার হবে।

তৃতীয়ত, তিনি অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে প্রয়োজনীয় সহযোগিতার কথা বললেও স্পষ্ট করেন, লেবার পার্টি নিজেদের আদর্শ ও নীতি থেকেই পরিচালিত হবে। অন্য কোনো দলের অনুকরণ নয়, বরং নিজস্ব রাজনৈতিক দর্শন নিয়েই এগোবে দলটি।

চতুর্থত, তিনি কেবল ইংল্যান্ডের কোনো নির্দিষ্ট অঞ্চল নয়, বরং পুরো যুক্তরাজ্যের নেতা হওয়ার অঙ্গীকার করেন। তাঁর লক্ষ্য দেশের সব জনগোষ্ঠীকে সমান গুরুত্ব দিয়ে জাতীয় ঐক্য সুদৃঢ় করা।

পঞ্চমত, গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র বার্নহ্যাম দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে ক্ষমতার বিকেন্দ্রীকরণের প্রতিশ্রুতি দেন। তাঁর মতে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও অর্থনৈতিক সিদ্ধান্ত অতিমাত্রায় লন্ডনকেন্দ্রিক হয়ে পড়েছে। স্থানীয় সরকারগুলোর হাতে আরো ক্ষমতা, অর্থ ও সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দিলে যুক্তরাজ্যের প্রতিটি অঞ্চল সমানভাবে উন্নয়নের সুফল পাবে।

এ ছাড়া তিনি জীবনযাত্রার ব্যয় কমানো, জাতীয় স্বাস্থ্যসেবা আরো শক্তিশালী করা, সামাজিক সেবার সংস্কার এবং অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতিও দেন। তাঁর ভাষায়, গত কয়েক দশকের কিছু রাজনৈতিক সিদ্ধান্তের কারণে অনেক মানুষ নিজেদের পিছিয়ে পড়া মনে করছেন। সেই আস্থাহীনতা দূর করে জনগণের বিশ্বাস পুনর্গঠনই হবে তাঁর সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। সূত্র: রয়টার্স
সানা/আপ্র/১৮/৭/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই