গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সামরিক মজুত ও যুদ্ধ বিস্তারের শঙ্কায় ইরান হামলা স্থগিত ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৮ পিএম, ২৮ জুলাই ২০২৬ | আপডেট: ০০:৩৬ এএম ২০২৬
সামরিক মজুত ও যুদ্ধ বিস্তারের শঙ্কায় ইরান হামলা স্থগিত ট্রাম্পের
ছবি

কুয়েতে নিহত ছয় মার্কিন সেনাসদস্যের মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণের অনুষ্ঠানে গত ৭ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন -ছবি রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সামরিক অভিযান আরো জোরদার করার পরিকল্পনা থেকে সরে এসেছেন তাঁর শীর্ষ সামরিক ও প্রশাসনিক কর্মকর্তাদের উদ্বেগের কারণে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ইরানে বড় ধরনের হামলার সম্ভাব্য পরিণতি নিয়ে সতর্ক করেছিলেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে ট্রাম্প ইরানে সামরিক অভিযান আরো সম্প্রসারণের বিষয়টি বিবেচনা করছিলেন। ওই সময় জেডি ভ্যান্স ও জেনারেল ড্যান কেইন সম্ভাব্য ঝুঁকি তুলে ধরেন। এরপরই যুক্তরাষ্ট্র ইরানে টানা প্রায় ১৩ দিন ধরে চালানো রাতের বোমা হামলা স্থগিত করেছে বলে পেন্টাগন সূত্র জানিয়েছে।

বৈঠকে জেনারেল ড্যান কেইন মার্কিন সামরিক বাহিনীর অস্ত্র ও গোলাবারুদের মজুত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি সতর্ক করে বলেন, বড় ধরনের অভিযান শুরু হলে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামের ওপর চাপ বাড়বে এবং এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে।

সূত্রের বরাতে সিএনএন জানায়, ট্রাম্পকে আরো সতর্ক করা হয়েছিল-ইরানে ব্যাপক হামলা চালানো হলে বিপুলসংখ্যক বেসামরিক মানুষের প্রাণহানি ঘটতে পারে। পাশাপাশি বিদ্যুৎ, খাদ্য ও অন্যান্য জরুরি সেবার সংকট তৈরি হয়ে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়তে পারে।

বৈঠকে উপস্থিত বেশির ভাগ উপদেষ্টা মনে করেন, যুক্তরাষ্ট্র চাইলে ইরানে অত্যন্ত ধ্বংসাত্মক অভিযান পরিচালনা করতে সক্ষম। তবে এর পরবর্তী পর্যায়ের প্রভাব-আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়া, শরণার্থী সংকট, উপসাগরীয় অঞ্চলের জ্বালানি ও পানি পরিশোধন অবকাঠামোতে ইরানের পাল্টা হামলার ঝুঁকি-এসব বিষয় বিবেচনায় নেওয়া জরুরি।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের সামনে আরেকটি বড় উদ্বেগ ছিল যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত। ইউক্রেন যুদ্ধ এবং হুতিদের বিরুদ্ধে অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ব্যবহারের কারণে মার্কিন অস্ত্রভাণ্ডারে চাপ তৈরি হয়েছে বলে কর্মকর্তারা স্বীকার করেছেন।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালৎস সম্প্রতি বলেন, ইউক্রেনকে দীর্ঘদিন অস্ত্র সহায়তা দেওয়ার কারণে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুত কমেছে। তিনি জানান, নতুন প্রযুক্তির অস্ত্র তৈরি করে মজুত পুনর্গঠনের কাজ চলছে।

এদিকে ট্রাম্প প্রশাসন অবশ্য দাবি করছে, যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা অক্ষুণ্ন রয়েছে। হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চেং এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সব সময় কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেন। তবে ইরান যদি হরমুজ প্রণালি বা যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে হামলা চালায়, তাহলে সব ধরনের পদক্ষেপের পথ খোলা থাকবে।

তিনি আরো বলেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং সামরিক অভিযানের ফলে দেশটির ওপর চাপ তৈরি হয়েছে। এখন ইরানের উচিত আলোচনার মাধ্যমে সমঝোতার পথে এগিয়ে যাওয়া।

সিএনএন জানায়, যুদ্ধ শুরু হওয়ার আগেই জেনারেল ড্যান কেইনসহ সামরিক নেতারা ট্রাম্পকে সতর্ক করেছিলেন-দীর্ঘমেয়াদি অভিযান যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুতের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে।

তবে জেনারেল ড্যান কেইনের মুখপাত্র বলেন, প্রেসিডেন্টকে দেওয়া গোপন সামরিক পরামর্শ নিয়ে তারা কোনো মন্তব্য করেন না। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেলও দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী যেকোনো সময় যেকোনো স্থানে অভিযান পরিচালনার সক্ষমতা তাদের রয়েছে।

এদিকে ডেমোক্র্যাট নেতারা ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে বলেছেন, যুক্তরাষ্ট্রকে এই সংঘাতে জড়ানো উচিত হয়নি। সিনেটর ক্রিস ভ্যান হোলেন বলেন, ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সক্ষমতার ওপর চাপ তৈরি করছে এবং এ সংঘাত দ্রুত শেষ করা উচিত।

সব মিলিয়ে, সামরিক সক্ষমতা, অস্ত্রের মজুত, বেসামরিক ক্ষয়ক্ষতি এবং আঞ্চলিক অস্থিতিশীলতার আশঙ্কা-এসব কারণেই যুক্তরাষ্ট্র ইরানে বড় ধরনের নতুন হামলার সিদ্ধান্ত থেকে আপাতত বিরত রয়েছে বলে বিশ্লেষণ করছে সিএনএন। তবে কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে আবারো সামরিক পদক্ষেপের হুমকি বহাল রেখেছে ট্রাম্প প্রশাসন। সূত্র: সিএনএন
সানা/আপ্র/২৮/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই