আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সিদ্দিক আইত মেসাউদেন।
শুক্রবার স্থানীয় সময় সকালে উপকূলীয় শহর বুমেরদেসের কাছে এ দুর্ঘটনা ঘটে। তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, সকাল প্রায় ৯টা ৪০ মিনিটে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। খবর পেয়ে বেসামরিক প্রতিরক্ষা বিভাগের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে এটি আলজেরিয়ার সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনাগুলোর একটি।
দুর্ঘটনার পর প্রকাশিত ছবিতে দেখা যায়, বাসটি খাদে কাত হয়ে পড়ে রয়েছে। প্রত্যক্ষদর্শী রিয়াদ ফেরকিউইর ধারণা, সড়কের একটি বিপজ্জনক বাঁক দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে।
আরেক প্রত্যক্ষদর্শী বিলাল বেনসালেম জানান, উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই তিনি কয়েকজন আহত যাত্রীকে খাদ থেকে বের করে আনেন। তিনি ঘটনাস্থলে কয়েকজনকে মৃত এবং অনেককে গুরুতর আহত অবস্থায় দেখেছেন। কয়েকজনের শরীরের বিভিন্ন অঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায় বলেও তিনি জানান।
দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
এসি/আপ্র/০১/০৮/২০২৬