সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) জামিন আবেদন নাকচ করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা এ তথ্য জানিয়েছেন।
রোববার ভোর ৬টার দিকে ধানমন্ডিতে নিজের বাসা থেকে আব্দুল মান্নানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মাসুদুর রহমান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আব্দুল মান্নানের পক্ষে আইনজীবী আল ইমরান মুকুল জামিনের আবেদন জানিয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে শুনানির সময় আব্দুল মান্নানকে এজলাসে তোলা হয়নি।
মামলার বিবরণে বলা হয়, গত ১৮ জুন সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনাল-সংলগ্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী মিছিল বের করেন। এ সময় তারা সরকারবিরোধী স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। পাশাপাশি রাষ্ট্রবিরোধী নানা কর্মকাণ্ড চালান বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ওই দিনই তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মোহাম্মদ জাহিদুল হক মামলা করেন।
সানা/কেএমএএ/আপ্র/২৫/১০/২০২৬