যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের। ১৬ বছর বয়সে অভিষেক ম্যাচেই পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করে চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার।
শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র। অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।
পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। তবে শুধু তিনিই নন, এই ম্যাচে আরও কয়েকজন খেলোয়াড়ের জাতীয় দলে অভিষেক হয়েছে। জাতীয় দলের আগে ক্লাব ফুটবলেও দুর্দান্ত সময় কাটাচ্ছিলেন সুলিভান।
বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি ১২টি সহায়তা করেছেন এই তরুণ মিডফিল্ডার। এর মধ্যে টানা আট ম্যাচে গোল বা সহায়তা করেছেন সুলিভান।
এমএলএসের ইতিহাসে কোনো কিশোর খেলোয়াড়ের এটাই সবচেয়ে দীর্ঘ সময় ধরে গোল বা সহায়তায় অবদান রাখার নজির।
সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।