চট্টগ্রাম মহানগরীর খুলশীতে মোহাম্মদ হৃদয় (১৬-১৭) নামে এক সবজি বিক্রেতা কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হৃদয়কে বাসা থেকে ডেকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগা ওরফে ‘বিহারি বগা’র অফিসে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে বের হওয়ার পরপরই তাকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় কামরুল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে নগরীর খুলশী থানার পাহাড়তলী ওয়ার্ডের ওয়্যারলেস কলোনির চার নম্বর গলিতে এ হত্যাকাণ্ড ঘটে।
খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম জানান, নিহত হৃদয়ের বয়স আনুমানিক ১৬-১৭ বছর। তার বাড়ি ওয়্যারলেস কলোনি এলাকায়। সড়কের পাশে দোকান বসিয়ে শাকসবজি বিক্রি করত সে।
পরিবারের সদস্যরা জানান, হৃদয়ের বাবা প্রায় অন্ধ। এ কারণে বাবার দোকানে বসে সবজি বিক্রি করত হৃদয়। রাত পৌনে ১০টার দিকে বাসায় ফিরে ভাত খেতে বসেছিল সে। এ সময় কামরুল নামে এক যুবক তাকে ডেকে নিয়ে যান। প্রায় আধা ঘণ্টা পর হৃদয়ের বাবা দোকানে থাকা অবস্থায় খবর পান, তালতলা এলাকায় তার ছেলেকে কে বা কারা ছুরিকাঘাত করেছে।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা রক্তাক্ত হৃদয়কে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আবদুর রহিম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, হৃদয়কে তার বাসা থেকে ডেকে ওয়াকিল হোসেন বগার অফিসে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বের হওয়ার পরপরই তাকে ছুরিকাঘাত করা হয়। সিনিয়র-জুনিয়রদের মধ্যে বিরোধের বিষয়টি সামনে এসেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
তিনি আরো বলেন, পরিবারের সদস্যদের দাবি, হৃদয় কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। ঘটনার পর অভিযান চালিয়ে কামরুলকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডে আরো কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক নগর পুলিশের এক কর্মকর্তা জানান, ওয়্যারলেস কলোনিসহ আশপাশের এলাকায় ওয়াকিল হোসেন বগা সড়ক ও ফুটপাতে অনেক অবৈধ দোকানপাট বসিয়েছেন। ভাড়ার নামে এসব দোকান থেকে বগা ও তার লোকজন চাঁদা আদায় করেন বলে অভিযোগ রয়েছে। এমনই একটি অবৈধ দোকানে সবজি বিক্রি করত হৃদয়। বগার চাঁদা আদায়কারী কর্মীদের সঙ্গে বিরোধ মীমাংসার জন্য তাকে অফিসে ডেকে নেওয়া হয়েছিল বলে জানান ওই কর্মকর্তা। সেই বিরোধের জেরেই হৃদয় প্রাণ হারিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে বক্তব্য জানতে ওয়াকিল হোসেন বগাকে একাধিকবার মোবাইল ফোনে কল করা হলেও তিনি সাড়া দেননি।
চট্টগ্রাম নগরীতে ওয়াকিল হোসেন বগা ‘বিহারি বগা’ নামে পরিচিত। তার বয়স ৪২ বছর। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে এবং পুলিশের শীর্ষ সন্ত্রাসীদের তালিকায়ও তার নাম রয়েছে। অপরাধকর্মে জড়িত থাকার অভিযোগে গত ৮ জুন তাকে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়।
সানা/কেএমএএ/আপ্র/৩০/৯/২০২৬