টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং গুণী শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বিনিময় করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফারুক আহম্মেদ খান ফারুক, শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাদির আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার, নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আরশেদ আলী ও দুয়াজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজা মমতাজ। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে সকালে বাংলাদেশ কিন্ডার গার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদের উদ্যোগেও একটি র্যালি বের করা হয়। র্যালিটি নাগরপুর সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সানা/আপ্র/৬/১০/২০২৬