মোঃ আকরাম হোসেন, টাঙ্গাইল: টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির অক্টোবর/২০২৬ মেয়াদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইলের দায়িত্বে থাকা সমন্বয়ক কর্মকর্তা মোঃ শরীফুল আলম, এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি; টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুস সালাম পিন্টু এবং টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল। সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক আবু সাঈদ।
আজকের সভায় জেলার মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন, সড়ক পরিবহন শৃঙ্খলা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম বলেন, "জনসাধারণের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকল বিভাগকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। অপরাধমুক্ত ও মাদকমুক্ত সমাজ গঠনে কোনো প্রকার শিথিলতা বা ছাড় দেওয়া হবে না।"
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ আশ্বাস দেন যে, জনগণের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে কঠোর তদারকি চালানো হবে।
সভায় টাঙ্গাইল জেলার পুলিশ সুপারসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে জননিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
কেএমএএ/আপ্র/০৪.১০.২০২৬