এস এ খান শিল্টু: মেহেরপুরের মুজিবনগর সীমান্তে অভিযান চালিয়ে ৩২টি স্বর্ণের বারসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের ওজন ৩ কেজি ৯৪১ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।
রোববার (১ নভেম্বর) দুপুরে মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্ত এলাকার নাগারবিল থেকে তাঁদের আটক করা হয়। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আটক ব্যক্তিরা হলেন মুজিবনগর উপজেলার সোনাপুর নতুনপাড়া গ্রামের আবু বক্করের ছেলে মো. আসাদুল (৫০) এবং একই গ্রামের মাদারের ছেলে মো. জুয়েল হোসেন (৩০)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে নাজিরাকোনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১০-এর প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাগারবিল এলাকা দিয়ে স্বর্ণ পাচারের চেষ্টার খবর পায় বিজিবি। এ তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় হাবিলদার মো. শামীমুর রহমানের নেতৃত্বে একটি টহলদল ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়।
দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে দুই ব্যক্তিকে একটি ব্যাগ নিয়ে সীমান্তের দিকে যেতে দেখে টহলদল তাঁদের চ্যালেঞ্জ করে। এ সময় তাঁরা ব্যাগটি ফেলে পালানোর চেষ্টা করেন। বিজিবি সদস্যরা ধাওয়া করে তাঁদের আটক করেন। পরে উপস্থিত লোকজনের সামনে ব্যাগ তল্লাশি করে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, আটক দুই ব্যক্তিকে মুজিবনগর থানায় হস্তান্তর এবং উদ্ধার করা স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য অপরাধ দমনে বিজিবি সতর্ক ও তৎপর রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালানমুক্ত সীমান্ত নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সানা/আপ্র/০১/১১/২০২৬