গোলাম মোরশেদ তামি, বেরোবি প্রতিনিধি: উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর রোভার স্কাউট গ্রুপের তৃতীয় বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান-২০২৬ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে তিন দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, স্কাউটিং তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল, নীতিবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে অনন্য ভূমিকা পালন করে। শুধু পাঠ্যপুস্তকের পড়াশোনা নয়, সমাজসেবা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের ক্ষেত্রেও স্কাউটিং শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরো বলেন, বেরোবি রোভার স্কাউট গ্রুপের সদস্যরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখবে বলে তিনি আশাবাদী। স্কাউটিংয়ের আদর্শ ও শিক্ষাকে ধারণ করে শিক্ষার্থীরা নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান, প্রক্টর মো. ইসমাইল হোসেন, বেরোবি রোভার স্কাউট ইউনিটের সাধারণ সম্পাদক মো. আখের চৌধুরীসহ রোভার স্কাউটের সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী এ আয়োজনে নবীন রোভারদের আনুষ্ঠানিক দীক্ষাদান, তাঁবু নির্মাণ, প্রশিক্ষণ কার্যক্রম, স্কাউটিং মহড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। আগামী তিন দিন বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এসব কার্যক্রম চলবে। এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মনির্ভরশীলতা ও মানবসেবার মানসিকতা বিকাশের সুযোগ তৈরি হবে।
সানা/আপ্র/৬/১১/২০২৬