গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

মেনু

পতাকা উত্তোলন, র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন

বিভিন্ন জেলা ও উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৯ পিএম, ০৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৩৩ এএম ২০২৬
বিভিন্ন জেলা ও উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ছবি

মেহেরপুর প্রতিনিধির পাঠানো ছবি

দেশব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন জেলা ও উপজেলায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দোয়া মাহফিল ও প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরার পাশাপাশি জাতীয় ঐক্য, স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশপ্রেমের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান। আজকের প্রত্যাশার জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর নিয়ে এই প্রতিবেদন।

মেহেরপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কলেজে আলোচনা সভা
মেহেরপুর জেলা প্রতিনিধি এস এ খান শিল্টু জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। শনিবার সকাল ৮টায় জেলা বিএনপির কার্যালয়ের প্রধান ফটকে জাতীয় সংগীত ও দলীয় সংগীতের তালে তালে পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জাবেদ মাসুদ মিল্টন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।

পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলমগীর খান ছাতু, পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইহান উদ্দিন মনা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ মিরন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টু, মহিলা দলের নেত্রী নাউফুন নাহার রিনাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলীয় সূত্র জানায়, দিবসটি উপলক্ষে বিকেল ৪টায় শহরের ড. শহীদ শামসুজ্জোহা পার্কে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশের আয়োজন করা হয়।

এদিকে মেহেরপুর সরকারি মহিলা কলেজে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মুহা. আব্দুল্লাহ আল-আমিন। বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক মো. ইকরামুল হাসান, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আব্দুল হামিদ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কাজী আশরাফুল আলম এবং সহযোগী অধ্যাপক মোহা. মিরাজ উদ্দীন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রবন্ধ উপস্থাপন করে একাদশ শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস লিমা ও জান্নাতুল ফেরদৌস স্মৃতি। পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। আলোচনা সভায় বক্তারা দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

রাজৈরে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফুটবল প্রতিযোগিতা
মাদারীপুর জেলা প্রতিনিধি অনাদি কুমার মন্ডল জানান, রাজৈরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা খাইরুন নেছা। সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাদশা ফয়সাল।

সভায় বক্তব্য দেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার কাজী, উপজেলা বিএনপির সভাপতি ওহাব আলী মিয়া, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লেবু কাজী, মাদারীপুর জেলা বিএনপির সদস্য আরিফ হাওলাদার, রাজৈর পৌর বিএনপির আহ্বায়ক শেখ জাকির হাওলাদার, বিএনপি নেতা মেজবাউল হক বাবু, উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী খায়ের হাওলাদার, রাজৈর পৌরসভার সাবেক কমিশনার ও বিএনপি নেতা মহসিন ফকির এবং বিএনপি নেতা শাহারিয়ার হোসেন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবুল হাসান খান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাগর সাহা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শরিফুর হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ধ্রুব মন্ডল, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ননী গোপাল ঘোষসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক ও শিক্ষকরা।

আলোচনা সভা শেষে উপজেলা শিল্পকলার পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে রাজৈর পৌরসভা একাদশ ও বদরপাশা ইউনিয়ন একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় বদরপাশা ইউনিয়ন একাদশ ১ গোলে জয়ী হয়।

তারাগঞ্জে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ
রংপুরের তারাগঞ্জ উপজেলা প্রতিনিধি খলিলুর রহমান খলিল জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাববর হোসেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির এস এম আলমগীর হোসেন। এ ছাড়া স্থানীয় বীর মুক্তিযোদ্ধারাও অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি, ঘটনাপ্রবাহ এবং জাতীয় জীবনে দিবসটির তাৎপর্য তুলে ধরেন। আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সভাপতি ও অতিথিরা।


কুষ্টিয়ার কুমারখালী ও ভেড়ামারায় আলোচনা সভা
কুষ্টিয়া প্রতিনিধি জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমারখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা যুবদলের নেতা ও মেয়র পদপ্রার্থী মো. আতিকুর রহমান সবুজ। তিনি ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, সংহতি এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সম্মিলিত ভূমিকার গুরুত্বের কথা বলেন।

অন্যদিকে ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিরুল ইসলাম আরাফাত। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও কুষ্টিয়া-২ আসনের টানা তিনবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক শহিদুল ইসলাম। অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আলোচনা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের প্রেক্ষাপট ও তাৎপর্য এবং জাতীয় জীবনে ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধারা তাঁদের স্মৃতিচারণার মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস ও অভিজ্ঞতা তুলে ধরেন।

মাগুরায় বিএনপির র‌্যালি ও সমাবেশ
মাগুরা জেলা প্রতিনিধি মিজানুর রহমান জানান, জেলা বিএনপির উদ্যোগে শহরে বর্ণাঢ্য র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার সকালে শহরের নোমানী ময়দান থেকে র‌্যালিটি বের হয়ে চৌরঙ্গী মোড় ও ঢাকা রোড প্রদক্ষিণ করে ভায়না গোলচত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারী সরকার বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালাচ্ছে। শহীদ জিয়ার দল, বেগম খালেদা জিয়ার দল ও তারেক রহমানের দল এ দেশের মাটিতে প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি, তারা ভেসে আসেনি। যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে, বিএনপি তাদের প্রতিহত করবে।

তাঁরা আরো বলেন, বিএনপি অতীতেও আন্দোলন-সংগ্রাম করেছে, বর্তমানেও করছে এবং ভবিষ্যতেও করবে। আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই বাংলাদেশের মাটিতে দলটি টিকে থাকবে। ভয়ভীতি দেখিয়ে কোনো লাভ হবে না। এ সময় দলীয় নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, জেলা বিএনপির সিনিয়র সদস্য আক্তার হোসেন, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, জেলা কৃষক দলের আহ্বায়ক রুবায়েত হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান হাসুসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ঝিনাইদহে জেলা প্রশাসনের র‌্যালি ও আলোচনা সভা
ঝিনাইদহ প্রতিনিধি জানান, জেলা প্রশাসনের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার সকালে শহরের পানি উন্নয়ন বোর্ড প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ও আলোচিত অধ্যায়। দেশের সংকটময় রাজনৈতিক পরিস্থিতিতে সিপাহি-জনতার ঐক্য ও সম্মিলিত ভূমিকা দিনটিকে ইতিহাসে বিশেষ স্থান দিয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জাতীয় ঐক্য, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনাকে স্মরণ করিয়ে দেয়।

তাঁরা আরো বলেন, দেশের অগ্রগতি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও রাষ্ট্রের স্বার্থ, জনগণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রশ্নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ৭ নভেম্বরের ঐতিহাসিক শিক্ষা থেকে অনুপ্রেরণা নিয়ে দেশ ও জাতির কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

প্রধান অতিথি রাশেদ খাঁন জাতীয় ঐক্য ও দেশপ্রেমের চেতনা ধারণ করে দেশের মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা জাতীয় সংহতির চেতনা সমুন্নত রাখা, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্ব দেন। পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান দেশের শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে পারস্পরিক সম্প্রীতি এবং দায়িত্বশীল নাগরিক ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সভাপতির সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক মো. নোমান হোসেন জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ দিনগুলো থেকে শিক্ষা নিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের কথা বলেন তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/৭/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জমি নিয়ে বিরোধে ভাগিনাকে কুপিয়ে হত্যা, আটক ৩
০৭ নভেম্বর ২০২৬

জমি নিয়ে বিরোধে ভাগিনাকে কুপিয়ে হত্যা, আটক ৩

বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধের জেরে কামরুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযো...

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত
০৭ নভেম্বর ২০২৬

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

জামালপুরে মেলান্দহের এলাকায় ট্রাক চাপাই অটোরিকশার তিন যাত্রী নিহত, মোটরসাইকেলের দুই আরোহী আহত।শনিবার...

মসজিদ কমিটির বিরোধে সংঘর্ষ, প্রাণ গেল বিএনপি নেতার
০৭ নভেম্বর ২০২৬

মসজিদ কমিটির বিরোধে সংঘর্ষ, প্রাণ গেল বিএনপি নেতার

শেরপুরের ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারামারিতে আবু সালেহ আহমেদ (...

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, পাশে বিতর্কিত প্রচারপত্র
০৭ নভেম্বর ২০২৬

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, পাশে বিতর্কিত প্রচারপত্র

খুলনা রেলওয়ে স্টেশনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপে দেওয়া হয়েছে। এক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 16 ঘন্টা আগে