নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ সালাম এ রায় ঘোষণা করেন।
এর আগে গত ২৮ অক্টোবর যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য ১১ নভেম্বর দিন ধার্য করেন। যুক্তিতর্ক চলাকালে প্রধান আসামি শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর তাঁর জীবনের সব সম্পত্তি—১২ শতাংশ জমি—লিখে দেওয়ার বিনিময়ে মামলা থেকে মুক্তি দেওয়ার আকুতি জানিয়েছিলেন। তবে আদালত তাঁর সেই আবেদন নাকচ করে দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদরাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগর ওই শিশুটিকে নিজের মাদরাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ভয়ে শিশুটি ঘটনা গোপন রাখে। একপর্যায়ে সে মাদরাসায় যাওয়া বন্ধ করে দেয়।
পরে শিশুটির শারীরিক পরিবর্তন দেখে সন্দেহ হয় পরিবারের সদস্যদের। চলতি বছরের এপ্রিল মাসে চিকিৎসকের কাছে নেওয়া হলে ১২ বছর বয়সী শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে শিক্ষক সাগর ও তাঁর ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করে মদন থানায় মামলা করেন।
মামলা দায়েরের পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়। ঘটনার ছায়াতদন্ত শুরু করে তৎকালীন র্যাব-১৪। গত ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে প্রধান অভিযুক্ত শিক্ষক সাগরকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেয়।
মামলার বিচারিক প্রক্রিয়া চলাকালে গত ২ জুলাই ভুক্তভোগী শিশুটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যাসন্তানের জন্ম দেয়। পরে আদালতের নির্দেশে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকার পরীক্ষাগারে পাঠায়। ডিএনএ পরীক্ষার চূড়ান্ত প্রতিবেদনে নবজাতকের সঙ্গে শিক্ষক সাগরের ডিএনএ ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিলে যায়।
ডিএনএ পরীক্ষার প্রতিবেদনসহ অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান গত ২৬ আগস্ট শিক্ষক সাগর ও তাঁর ভাই মামুন মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৫০৬ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এসি/আপ্র/১১/১১/২০২৬