ইংল্যান্ডের স্কুলগুলোতে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের ওপর আরো কঠোর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। নতুন নির্দেশনা অনুযায়ী, স্কুল চলাকালে শিক্ষার্থীরা শুধু ফোন ব্যবহারই করতে পারবে না, পকেটে কিংবা ব্যাগেও ফোন রাখতে পারবে না।
আগে অনেক স্কুলে ‘দেখা যাবে না, শোনা যাবে না’ নীতি চালু ছিল। অর্থাৎ শিক্ষার্থীরা ফোন ব্যবহার না করলে ব্যাগে রাখতে পারত। কিন্তু নতুন নিয়মে সেই সুযোগও বন্ধ হচ্ছে। ২০২৭ সালের সেপ্টেম্বর থেকে আরো কঠোরভাবে এ নির্দেশনা কার্যকর হবে।
ব্রিটিশ সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী, স্কুল চলাকালে শিক্ষার্থীদের ফোনের নাগাল পুরোপুরি বন্ধ করতে হবে। সরকারের ভাষ্য, স্কুল হলো শেখা ও বন্ধুত্বের জায়গা, মোবাইল ফোনে সময় কাটানোর স্থান নয়।
কেন কঠোর হচ্ছে মোবাইল ফোনের নিয়ম?
যুক্তরাজ্যের শিক্ষামন্ত্রী লুসি পাওয়েল বলেছেন, মোবাইল ফোন শিক্ষার্থীদের পড়াশোনা ও সামাজিক যোগাযোগ থেকে দূরে সরিয়ে দিতে পারে। ফোনের কারণে শ্রেণিকক্ষে মনোযোগ নষ্ট হয়। একই সঙ্গে সহপাঠীদের সঙ্গে সরাসরি কথা বলা ও মেলামেশার সুযোগও কমে যায়।
সরকার মনে করছে, স্কুলে ফোনের প্রবেশাধিকার বন্ধ করা গেলে শিক্ষার্থীদের মনোযোগ বাড়বে। তারা পড়াশোনা ও বন্ধুত্বে বেশি সময় দিতে পারবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, স্কুলগুলো নিজেদের সুবিধা ও প্রয়োজন অনুযায়ী নিয়ম বাস্তবায়ন করতে পারবে। কোনো স্কুল ফোন সংরক্ষণের জন্য বিশেষ লকার ব্যবহার করতে পারে। আবার কোনো স্কুলে ফোন রাখার জন্য বিশেষভাবে তৈরি সিল করা পাউচ ব্যবহার করা হতে পারে। কিছু স্কুলে দিনের শুরুতেই শিক্ষার্থীদের কাছ থেকে ফোন জমা নেওয়ার ব্যবস্থাও রয়েছে।
ফোন নিষিদ্ধ করে সুফল পাচ্ছে কিছু স্কুল
ম্যানচেস্টারের বার্নেজ একাডেমি ফর বয়েজের প্রধান শিক্ষক কার্ল হ্যারিসন জানিয়েছেন, তাঁদের স্কুলে ফোন ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে ২০ হাজার পাউন্ড খরচ করা হয়েছে। এ অর্থ দিয়ে ধাতব শনাক্তক যন্ত্র ও বিশেষ ফোন পাউচের ব্যবস্থা করা হয়েছে।
তাঁর মতে, ফোন বন্ধ রাখায় শিক্ষার্থীদের মধ্যে সরাসরি কথাবার্তা বেড়েছে। আগে অনেকে মোবাইল ফোনে ব্যস্ত থাকত। এখন তারা একে অপরের সঙ্গে বেশি সময় কাটাচ্ছে।
শ্রেণিকক্ষেও শিক্ষার্থীদের মনোযোগ বেড়েছে এবং ফোনের কারণে তৈরি হওয়া বিভ্রান্তি কমেছে। এতে শিক্ষার্থীদের ফলাফলও ভালো হচ্ছে বলে জানান তিনি।
নতুন নিয়ম বাস্তবায়নে অর্থায়ন নিয়ে প্রশ্ন
সরকারের নতুন সিদ্ধান্তকে স্বাগত জানালেও স্কুল পরিচালকদের সংগঠনগুলো এটি বাস্তবায়নের খরচ নিয়ে উদ্বেগ জানিয়েছে।
ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হেড টিচার্সের মহাসচিব পল হোয়াইটম্যান বলেছেন, মোবাইল ফোন শিক্ষার্থীদের নিরাপত্তার ক্ষেত্রে কিছু ঝুঁকি তৈরি করতে পারে। এটি পড়াশোনার জন্যও বাধা। তবে নতুন নিয়ম বাস্তবায়নে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে।
অ্যাসোসিয়েশন অব স্কুল অ্যান্ড কলেজ লিডার্সের মহাসচিব পেপে ডি'ইয়াসিও বলেছেন, প্রতিটি শিক্ষার্থীর জন্য তালাবদ্ধ পাউচ অথবা নিরাপদ সংরক্ষণব্যবস্থা তৈরি করতে বড় অঙ্কের অর্থ প্রয়োজন হবে। সরকার প্রয়োজনীয় অর্থ না দিলে সব স্কুলের পক্ষে এই নিয়ম বাস্তবায়ন করা কঠিন হবে।
তবে শিক্ষামন্ত্রী লুসি পাওয়েল বলেছেন, প্রতিটি স্কুল নিজেদের প্রয়োজন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়ার স্বাধীনতা পাবে।
পুরো যুক্তরাজ্যে কি একই নিয়ম?
যুক্তরাজ্যের সব অঞ্চলে মোবাইল ফোন নিয়ে একই ধরনের নিয়ম নেই। কারণ, শিক্ষা নীতির দায়িত্ব ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডে আলাদাভাবে পরিচালিত হয়।
স্কটল্যান্ডে স্কুলে ব্যক্তিগতভাবে ফোন ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে নতুন আইন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে জনমতও নেওয়া হয়েছে।
ওয়েলসে স্কুলে ফোন নিষিদ্ধ করে জাতীয় পর্যায়ে বাধ্যতামূলক আইন আনার প্রস্তাব সম্প্রতি পার্লামেন্টে প্রত্যাখ্যাত হয়েছে। তবে স্কুলগুলোর জন্য নতুন নির্দেশনা তৈরিতে সরকার পরামর্শ গ্রহণ করছে।
নর্দার্ন আয়ারল্যান্ডেও স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করার বিষয়ে ১২ সপ্তাহের পরামর্শ কার্যক্রম শুরু হয়েছে।
১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যমেও নিষেধাজ্ঞা
স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধের উদ্যোগের পাশাপাশি যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার পরিকল্পনাও রয়েছে।
আগামী মার্চ থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করার পরিকল্পনা রয়েছে। এর আওতায় ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট ও টিকটকের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বাধা দেওয়া হবে।
এ ছাড়া ভিন্টেড ও ইবের মতো অনলাইন প্ল্যাটফর্মও নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী।
তবে স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধের নিয়ম এবং ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দুটি আলাদা উদ্যোগ।
সূত্র: বিবিসি
এসি/আপ্র/১১/১১/২০২৬