একেএম ফজলুল হক: বিশেষায়িত জাহাজের সংকট, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্যবৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ছে বলে দাবি করেছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)। সংগঠনটির মতে, মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ বিঘ্নিত হওয়ায় যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে এলপিজি আমদানি করতে হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে পরিবহনের বিশেষায়িত জাহাজের সংকট ও বাড়তি ভাড়া। ফলে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়ছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) লোয়াবের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আহসানুল জব্বারের সই করা এক বিবৃতিতে এলপিজির মূল্যবৃদ্ধির পেছনে এসব কারণ তুলে ধরা হয়।
বিবৃতিতে বলা হয়, বিশ্বজুড়ে এলপিজি পরিবহনের জন্য ব্যবহৃত বিশেষায়িত জাহাজের সংকট তৈরি হয়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের পরিবর্তে যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে গ্যাস আমদানি করতে হচ্ছে। এতে পণ্যের আন্তর্জাতিক মূল্য ও জাহাজভাড়া- দুই ক্ষেত্রেই ব্যয় বেড়েছে। পাশাপাশি হরমুজ প্রণালি ও বাব-এল-মান্দেব নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় প্রচলিত সরবরাহ চুক্তি বাতিল ও অনিশ্চিত হয়ে পড়েছে। বর্তমানে দেশের এলপিজি চাহিদার প্রায় ৮০ শতাংশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হচ্ছে বলে দাবি সংগঠনটির।
লোয়াবের হিসাব অনুযায়ী, ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের মোট মূল্যের প্রায় ৮০ শতাংশ ব্যয় হয় আন্তর্জাতিক বাজার থেকে গ্যাস কেনা ও দেশে আমদানিতে। বাকি ২০ শতাংশের মধ্যে রয়েছে ভ্যাট-কর, সিলিন্ডারে গ্যাস ভরা, স্থানীয় পরিবহন, মুনাফা এবং ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন। ফলে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব দেশের বাজারে পড়া ঠেকানোর সুযোগ সীমিত।
সংগঠনটির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সৌদি আরামকোর এলপিজির চুক্তিমূল্য প্রতি টন গড়ে ৫৫২ ডলার ছিল। ২০২৬ সালে তা বেড়ে গড়ে ৬৬৬ ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ এক বছরে কাঁচামালের দাম বেড়েছে প্রায় ২১ শতাংশ। চলতি বছরের নভেম্বরে প্রোপেনের চুক্তিমূল্য প্রতি টন ৭২০ ডলার এবং বিউটেনের ৭৮০ ডলার নির্ধারিত হয়েছে। এ দুটি গ্যাসের ৩৫:৬৫ অনুপাতে গড় মূল্য দাঁড়িয়েছে প্রায় ৭৫৯ ডলার।
এর প্রভাব পড়েছে দেশের ভোক্তা পর্যায়ের দামেও। লোয়াবের তথ্যমতে, চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রতি কেজি এলপিজির নির্ধারিত দাম ছিল ১১৩ টাকা। নভেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭১ টাকা ৬৮ পয়সায়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সর্বশেষ নির্ধারিত দর অনুযায়ী, নভেম্বরে ১২ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা।
এলপিজি আমদানিতে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নও ব্যয় বাড়াচ্ছে বলে দাবি করেছে লোয়াব। কারণ, আন্তর্জাতিক বাজারে গ্যাস কেনার মূল্য ডলারে পরিশোধ করতে হয়। ফলে টাকার মান কমে যাওয়ায় ঋণপত্র খোলা এবং পণ্য আমদানিতে আমদানিকারকদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে।
ভারতের তুলনায় বাংলাদেশে দাম বেশি হওয়ার কারণ
ভারতের সঙ্গে বাংলাদেশের এলপিজির দামের পার্থক্যের পেছনেও কয়েকটি কাঠামোগত কারণ তুলে ধরেছে লোয়াব। সংগঠনটির দাবি, ভারতের সমুদ্রবন্দরগুলোর পর্যাপ্ত গভীরতা থাকায় বড় জাহাজ সরাসরি জেটিতে ভিড়ে দ্রুত গ্যাস খালাস করতে পারে। কিন্তু বাংলাদেশের সমুদ্রবন্দরে প্রয়োজনীয় গভীরতার অভাবে বড় জাহাজ থেকে গভীর সমুদ্রে ছোট জাহাজের মাধ্যমে গ্যাস খালাস করতে হয়। এ প্রক্রিয়াকে লাইটারিং বলা হয়। এতে প্রায় ২৫ দিন সময় লাগে। একটি বড় জাহাজ পরিচালনায় দৈনিক প্রায় দুই লাখ ডলার ব্যয় হওয়ায় এ প্রক্রিয়ায় আমদানি খরচ অনেক বেড়ে যায়।
এ ছাড়া ভারতের এলপিজি চাহিদার প্রায় ৫০ শতাংশ দেশটির নিজস্ব শোধনাগারে উৎপাদিত হয়। দেশটির এলপিজির বাজার বাংলাদেশের তুলনায় প্রায় ২০ গুণ বড়। ফলে তারা একসঙ্গে বেশি পরিমাণ গ্যাস আমদানি করে পাইকারি ছাড় এবং জাহাজ ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সুবিধা পায়। পাশাপাশি ২০২৫-২৬ অর্থবছরে ভারত সরকার এলপিজি খাতে প্রায় ৩০ হাজার কোটি রুপি ভর্তুকি দিচ্ছে। বিপরীতে বাংলাদেশে এ খাতে কোনো সরকারি ভর্তুকি নেই বলে দাবি করেছে লোয়াব।
মহেশখালীতে টার্মিনাল নির্মাণের প্রস্তাব
দেশে এলপিজির আমদানি ও পরিচালন ব্যয় কমাতে কক্সবাজারের মহেশখালীতে ল্যান্ড টার্মিনাল নির্মাণের প্রস্তাব দিয়েছে সংগঠনটি। লোয়াবের মতে, সরকারি উদ্যোগে অথবা সরকারি-বেসরকারি যৌথ বিনিয়োগে এ ধরনের টার্মিনাল নির্মাণ করা হলে গ্যাস খালাস ও পরিবহন ব্যয় কমানো সম্ভব হবে। এর ইতিবাচক প্রভাব পড়বে ভোক্তা পর্যায়ের দামেও।
এদিকে ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সংগঠনের আওতাধীন সব অপারেটর ও পরিবেশককে নির্দেশনা দিয়েছে লোয়াব।
বিবৃতিতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিইআরসি সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রির বিষয়ে কঠোর নির্দেশনা ও সতর্কবার্তা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে সব অপারেটর ও পরিবেশককে নির্ধারিত দামে গ্যাস বিক্রি এবং সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে এলপিজি বিক্রি করলে সংশ্লিষ্ট অসাধু ব্যবসায়ী ও খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সানা/আপ্র/১৩/১১/২০২৬