জাফর পানাহি। বিশ্ব চলচ্চিত্রে প্রভাবশালী এক নাম। ২০২৫ সালে তিনি বিখ্যাত কান উৎসবে জিতেছেন স্বর্ণপাম। পেয়েছেন অস্কারেও মনোনয়ন। কিন্তু দুনিয়ায় নন্দিত হলেও নিজ দেশ ইরানে বারবার নিগৃহীত তিনি।
এবার তাকে পাঁচ বছর এক মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ইরানের সংবাদপত্র এমতেদাদকে খবরটি জানিয়েছে পানাহির আইনজীবী মোস্তফা নিলি। প্রতিবেদন অনুযায়ী, তেহরানের একটি বিপ্লবী আদালত ৬৬ বছর বয়সী এই নির্মাতাকে পাঁচ বছর এক মাসের কারাদণ্ড দিয়েছেন।
একই সঙ্গে তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ এবং দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মাঝে অনেকদিন ইরানের বাইরে ছিলেন জাফর পানাহি। ঝুঁকি সত্ত্বেও এ বছরের এপ্রিলে ইরানে ফেরেন তিনি। সে সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দেশটির যুদ্ধ চলছিল।
পানাহির আইনজীবী মোস্তফা নিলি গণমাধ্যমকে বলেন, ‘গত সপ্তাহে আমার মক্কেল আমাকে জানিয়েছেন, তাঁর ব্যাংক হিসাবগুলো জব্দ করা হয়েছে।’ পরে বিচার বিভাগের সঙ্গে যোগাযোগ করে তারা জানতে পারেন, পানাহিকে তার অনুপস্থিতিতেই দোষী সাব্যস্ত করা হয়েছে।
এর আগে ‘ব্যবস্থাবিরোধী প্রচারণার’ অভিযোগে পানাহিকে এক বছরের কারাদণ্ড দিয়েছিল ইরানের বিচার বিভাগ। এ ক্ষেত্রে তার গোপনে ধারণ করা চলচ্চিত্র ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’কে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে দেখানো হয়।
এই সিনেমাই ২০২৫-এ কানের স্বর্ণপাম জিতেছিল। উল্লেখ্য, ইরানি কর্তৃপক্ষের অন্যতম সমালোচক হিসেবে দীর্ঘদিন ধরেই পরিচিত জাফর পানাহি। ২০২২ সালের জুলাই থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কারাগারে ছিলেন তিনি।
বছরের পর বছর ধরে তার চলচ্চিত্র নির্মাণ ও বিদেশ ভ্রমণের ওপরও বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কিন্তু নিজের অবস্থান থেকে তিনি নড়েননি। চলচ্চিত্রের মাধ্যমে নিজের নিজের বক্তব্য জারি রেখেছেন।
ডিসি/আপ্র/২৮/১০/২০২৬