গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গ্রামবাংলার চেনা জীবন টঙ্গীর পশু-পাখির হাটে ‘হাঁসের রাজ্য’

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৪২ পিএম, ১৬ আগস্ট ২০২৬ | আপডেট: ০৪:৩৯ এএম ২০২৬
গ্রামবাংলার চেনা জীবন টঙ্গীর পশু-পাখির হাটে ‘হাঁসের রাজ্য’
ছবি

ছবি সংগৃহীত

ঢাকা ও গাজীপুরের মাঝামাঝি গুরুত্বপূর্ণ জনপদ টঙ্গী। উত্তরার আব্দুল্লাহপুর সেতু পার হলেই শুরু টঙ্গীর ব্যস্ততা। ময়মনসিংহ রোডের এ অংশটি যেন কখনোই ঘুমায় না। দিন-রাত এখানে লেগেই থাকে মানুষের ছোটাছুটি চলা আর যানবাহনের ব্যস্ততা। দূরপাল্লার বাসসহ বিভিন্ন এলাকার বাস ও যানবাহন এখান থেকে চলাচল করে। সড়কের দুই পাশ ঘেঁষে গড়ে উঠেছে নানা ধরনের দোকান। পথচারীর ভিড়, দোকানের সামনে ক্রেতাদের দাঁড়িয়ে থাকা আর যানবাহনের অবিরাম চলাচল মিলিয়ে এমনিতেই ব্যস্ত এই সড়ক। তবে রোববার এলে যেন এই ব্যস্ততার মাত্রা আরো কয়েকগুণ বাড়িয়ে দেয়। মানুষের ভিড়ের সঙ্গে যোগ হয় সাপ্তাহিক হাটের আনাগোনা। একদিকে গাড়ির হর্ন, অন্যদিকে মানুষ ও পশুপাখির হাঁকডাক মিলিয়ে টঙ্গীর রাস্তায় তৈরি হয় ব্যস্ততার ভিন্ন চিত্র।

রোববার সকাল থেকেই শুরু হয় ব্যস্ততা। বাজারের একপাশে যেন নেমে আসে অন্য জগৎ। সারি সারি খাঁচা, ঝুড়ি আর বাঁশের খুপড়ি। কোথাও ডানা ঝাপটানোর শব্দ, কোথাও কবুতরের গুঞ্জন। দেশি মুরগিসহ কমবেশি বিভিন্ন জাতের পাখি ও প্রাণীর দেখা মেলে হাটে। তবে হাটের একপাশে ঢুকতেই চোখে পড়ে সারি সারি হাঁসের খাঁচা। সাদা, কালো, ছোপ ছোপ নানা জাতের হাঁসে ভরে আছে। খাঁচার ভেতর ডানা ঝাপটানো আর একসঙ্গে অসংখ্য হাঁসের ডাকের সঙ্গে মিশে আছে ক্রেতা-বিক্রেতার হাঁকডাক ও দরদাম। সব পাখির ভিড়ে হাঁসের সংখ্যাই যেন বেশি চোখে পড়ে। তাই টঙ্গীর সাপ্তাহিক এই হাটকে ‘হাঁসের রাজ্য’ বলাই যেন বেশি মানানসই। এ ছাড়া এখানে বিভিন্ন পাখি ও প্রাণীর বাচ্চার পাশাপাশি দেশি মুরগি ও বিভিন্ন জাতের হাঁসের বাচ্চাও পাওয়া যায়।

হাটে দেখা যায়, এক তরুণ হাঁসের বাচ্চা কিনছেন। কাছে গিয়ে কথা হলে জানা যায়, তার নাম তন্ময়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ঢাকার উত্তরখানে নিজস্ব বাড়ি। পড়াশোনার পাশাপাশি ছোট একটি ব্যবসাও করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী বলেন, ‘পড়াশোনার পাশাপাশি নতুন কিছু করার আগ্রহ থেকেই হাঁস পালনের উদ্যোগ নিয়েছি। টঙ্গীর সাপ্তাহিক পশু-পাখির হাটে এসে ছয়টি হাঁসের বাচ্চা কিনেছি। মূলত মাংস উৎপাদনের জন্য চিনা জাতের হাঁস বেছে নিয়েছি। আপাতত অল্প পরিসরে পালন করে দেখতে চাই। হাঁসগুলো কীভাবে বেড়ে ওঠে, পালন করতে কী ধরনের সুবিধা বা অসুবিধা হয়। সবকিছু মিলিয়ে ফলাফল কেমন আসে।’

হাটের একপাশে তাকালেই দেখা মেলে সারি সারি হাঁসের খাঁচা নিয়ে বসে আছেন অসংখ্য ব্যবসায়ী। হাঁসের ডাক আর ব্যবসায়ীদের হাঁকডাকে মুখরিত পুরো এলাকা। বিভিন্ন জাতের হাঁসের ভিন্ন ভিন্ন ডাক মিলেমিশে যেন তৈরি করেছে অন্যরকম কোলাহল। বিশেষ করে মাংস বেশি দেয় এমন হাঁসের সংখ্যাই বেশি। দূর-দূরান্ত থেকে ক্রেতারাও আসছেন হাঁস কিনতে। সব মিলিয়ে হাঁটজুড়ে হাঁসের ডাক, ক্রেতা-বিক্রেতার দরদাম আর ব্যস্ততায় তৈরি হয়েছে প্রাণবন্ত দৃশ্য। এরই ফাঁকে কথা হয় সেলিম নামের হাঁস ব্যবসায়ীর সঙ্গে। দীর্ঘ ১৭ বছর ধরে তিনি হাঁসের ব্যবসার সঙ্গে জড়িত। টঙ্গীর এই হাটে গত দুই বছর ধরে নিয়মিত হাঁস বিক্রি করছেন। চারজন মিলে হাঁসের ব্যবসা করেন। শুধু টঙ্গীর হাটেই নয়, ঢাকা ও গাজীপুরের বিভিন্ন হাটেও তারা হাঁস নিয়ে যান। সব মিলিয়ে মাসে ২৪টি হাটে হাঁস বিক্রি করেন।

ক্রেতাদের হাঁস দেখানোর ব্যস্ততার মাঝেই সেলিম বলেন, ‘আমরা গ্রামের বিভিন্ন খামার থেকে হাঁস কিনে আনি। এরপর সেগুলো বিভিন্ন হাটে নিয়ে বিক্রি করি। একেকটি চালানে ৫০০-এর মতো হাঁস নিয়ে আসি। হাঁসের বয়স, আকার ও জাত অনুযায়ী ক্রেতাদের মধ্যে চাহিদা থাকে। তাই হাটের চাহিদা বুঝে হাঁস সংগ্রহ করে বিভিন্ন হাটে বিক্রি করার চেষ্টা করি। বর্তমানে প্রতি জোড়া হাঁস ৮০০ থেকে ১২০০ টাকা দরে বিক্রি করছি।’

হাঁসের রাজ্যে ঘুরে বেড়ানোর ফাঁকে চোখে পড়ে নানা ধরনের ক্রেতার ব্যস্ততা। কেউ হাঁস কিনছেন নিজেরা খাওয়ার জন্য, কেউবা কিনছেন মেহমানের জন্য। আবার কেউ বা বাসার ছাদে কয়েকদিন পালন করে পরে খাওয়ার জন্য। আবার কেউ হোটেলের জন্য হাঁস কিনতে এসেছেন। তবে এর বাইরে এমন ক্রেতার সংখ্যাও কম নয়, যারা হাট থেকে হাঁস কিনে বিভিন্ন বাসাবাড়িতে ফেরি করে বিক্রি করেন। সাধারণ ক্রেতার পাশাপাশি ফেরি করে হাঁস বিক্রি করা ব্যবসায়ীদের উপস্থিতিও বেশ চোখে পড়ার মতো। তেমনই একজনকে হাটের প্রতিটি খাঁচার কাছে ঘুরে ঘুরে হাঁস দেখতে দেখা যায়। একেকটি হাঁস ধরে ওজন কেমন হবে, কোনটিতে মাংস বেশি; এসব খুঁটিয়ে দেখার পাশাপাশি বিক্রেতাদের সঙ্গে দরদামেও বেশ কষাকষি করছেন তিনি। ১০ থেকে ১২ বছর ধরে তিনি ফেরি করে বাড়ি বাড়ি হাঁস বিক্রি করছেন। সেই ব্যবসার জন্যই হাঁস কিনতে এই হাটে এসেছেন। হাট থেকে হাঁস কিনে প্রতিটি হাঁসে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত লাভ রেখে বাসাবাড়িতে ফেরি করে বিক্রি করেন।

টঙ্গী বাজারের এই সাপ্তাহিক হাট শুধু কেনাবেচার জায়গা নয়। এখানে ডানা ঝাপটানোর শব্দের সঙ্গে মিশে থাকে খামারির পরিশ্রম, বিক্রেতার জীবিকার স্বপ্ন, ক্রেতার প্রয়োজন আর গ্রামবাংলার এক টুকরো চেনা জীবন। রোববার এলেই সেই জীবন আবার জমে ওঠে খাঁচা, হাঁস, পাখি আর মানুষের কোলাহলে।

কেএমএএ/আপ্র/১৬.০৮.২০২৬

সংশ্লিষ্ট খবর

দেশের খাদ্য ব্যবস্থা সচল রাখা কৃষকরা আর্থিক সুবিধা থেকে বঞ্চিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

দেশের খাদ্য ব্যবস্থা সচল রাখা কৃষকরা আর্থিক সুবিধা থেকে বঞ্চিত

বাংলাদেশের কৃষির সবচেয়ে বড় সম্পদ শুধু জমি নয়- কৃষক। সীমিত জমি, বাড়তে থাকা উৎপাদন ব্যয়, জলবায়ুজনিত অন...

তামাক চাষ বিস্তারে পরিবেশ বিপর্যয় ও খাদ্য নিরাপত্তায় হুমকি
১৩ সেপ্টেম্বর ২০২৬

তামাক চাষ বিস্তারে পরিবেশ বিপর্যয় ও খাদ্য নিরাপত্তায় হুমকি

বাংলাদেশে এখন তামাক চাষের জমি দিন দিন বাড়ছে। কৃষকরা তামাক কোম্পানিগুলোর এককালীন আর্থিক সহযোগিতা পেয়ে...

সবজির চারা উৎপাদকদের কয়েক কোটি টাকা ব্যবসার আশা
১৩ সেপ্টেম্বর ২০২৬

সবজির চারা উৎপাদকদের কয়েক কোটি টাকা ব্যবসার আশা

শীত আসতে এখনও কিছুটা সময় বাকি। অথচ এরই মধ্যে ব্যস্ততা বেড়েছে মুন্সীগঞ্জের সবজি চারার বাজারে। ভোর থেক...

বর্গাচাষি নিজামের তিন লাখ টাকার পেঁপে গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বর্গাচাষি নিজামের তিন লাখ টাকার পেঁপে গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা

যশোরের ঝিকরগাছায় বেনেয়ালী মাঠে এক বর্গাচাষির পেঁপে ক্ষেতের গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। রাতে ১৮...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই